উৎসে কর কমানোর দাবি বিজিএমইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি (বাঁ থেকে দ্বিতীয়) সিদ্দিকুর রহমান l প্রথম আলো
বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি (বাঁ থেকে দ্বিতীয়) সিদ্দিকুর রহমান l প্রথম আলো

পোশাক রপ্তানিতে উৎসে কর দেড় শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩০ শতাংশ করার দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে উৎসে কর বিদ্যমান হার বা দশমিক ৬০ শতাংশ হলেও তাতে কোনো আপত্তি নেই সংগঠনটির।
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের নেতারা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাতে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান।
আগামী অর্থবছরের বাজেটে পোশাক রপ্তানির এফওবি (ফ্রেইড অন বোর্ড) মূল্যের ওপর দেড় শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রস্তাব করা হয়। একই সঙ্গে অন্য রপ্তানিমুখী শিল্পের জন্য একই হারে উৎসে কর আরোপ করা হয়েছে। তবে পোশাকশিল্পের প্রাতিষ্ঠানিক বা করপোরেট কর ৩৫ শতাংশ থেকে হ্রাস করে ২০ শতাংশ করা হয়।
বিজিএমইএ বলেছে, প্রতিটি রপ্তানি আদেশের বিপরীতে শ্রমিকের মজুরি, বিদ্যুৎ-গ্যাস, পরিবহনসহ অন্য খরচ বাদ দিলে গড়ে ১ থেকে ২ শতাংশ মুনাফা হয়। কোনো কোনো কারখানা ৫ শতাংশ মুনাফাও করে। যদি কারখানাপ্রতি গড়ে ৩ শতাংশ মুনাফা ধরা হয় এবং দেড় শতাংশ উৎসে কর পরিশোধ করতে হয় তাহলে মোট কর হার দাঁড়াচ্ছে ৫০ শতাংশ। এটি অনেক কারখানার জন্য অত্যন্ত কঠিন। দেশের অন্য কোনো খাত ৫০ শতাংশ কর দেয় না।
সিদ্দিকুর রহমান বলেন, গত তিন বছরে বিভিন্ন কারণে ৩১৬ কারখানা বন্ধ হয়েছে। একই পথে হাঁটছে ৩১৯ কারখানা। ভুল সিদ্ধান্ত নেওয়া হলে আরও অনেক কারখানা বন্ধ হয়ে যেতে

.
.

পারে।
বিজিএমইএর সভাপতি বলেন, উৎসে কর দশমিক ৬০ শতাংশ থেকে দেড় শতাংশ করার ফলে প্রত্যক্ষ কর ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা শিল্পের বিকাশের সঙ্গে সাংঘর্ষিক। প্রতিবছর উৎপাদন খরচ ৮ থেকে ১০ শতাংশ বাড়ছে। কারখানার কর্মপরিবেশ উন্নয়নে কারখানাভেদে ৫-১০ কোটি টাকা খরচ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে উৎসে কর দেড় শতাংশ হলে শিল্পের সংকট বাড়বে, প্রতিযোগিতা সক্ষমতা কোনোভাবেই ধরে রাখা সম্ভব হবে না।
তবে প্রাতিষ্ঠানিক কর হার ৩৫ থেকে ২০ শতাংশ করার সিদ্ধান্তকে স্বাগত জানান সিদ্দিকুর রহমান। তবে শিল্পের স্বার্থে এ কর হার ১০ শতাংশ করার অনুরোধ জানান তিনি।
এদিকে প্রস্তাবিত বাজেটে রপ্তানি খাতের প্রণোদনার জন্য সাড়ে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ বিষয়ে বিজিএমইএর সভাপতি বলেন, ‘আমরা মনে করি, এই বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল।’ শুধু পোশাকশিল্পের জন্যই ৫ হাজার কোটি টাকা বরাদ্দের অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান, মোহাম্মদ নাছির, মাহমুদ হাসান খান, এস এম মান্নান, বিকেএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ উপস্থিত ছিলেন।