উৎসে কর কমানোর দাবি রপ্তানিকারক সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর বাড়ানোর সিদ্ধান্ত সময় উপযোগী হয়নি বলে মনে করে রপ্তানিকারক সমিতি বাংলাদেশ (ইএবি)। সংগঠনের নেতারা বলেছেন, বিভিন্ন কারণে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমে গেছে। তাই উৎসে কর বর্তমানের মতোই রাখতে হবে।

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিজিএমইএ কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটে পোশাক রপ্তানিতে উৎসে কর কমানোসহ সাত দফা দাবি জানায় ইএবি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি আবদুস সালাম মুর্শেদী।

জাতীয় সংসদে গত ৪ জুন প্রস্তাবিত বাজেটে পোশাক রপ্তানিতে উৎসে কর শূন্য দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পোশাক ছাড়াও হিমায়িত খাদ্য, পাট, চামড়া, সবজি ও প্যাকেটজাত খাদ্য রপ্তানির ক্ষেত্রে উৎসে করহার বাড়িয়ে এক শতাংশ করা হয়েছে।

আবদুস সালাম মুর্শেদী বলেন, পোশাক কারখানার সংস্কারে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। ক্রেতারা পোশাকের মূল্য কমিয়ে দিয়েছেন। এ ছাড়া শ্রমিকদের মজুরি, গ্যাস-বিদ্যুৎ ও পরিবহন খরচ বাড়ায় উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। ডলারের বিপরীতে ইউরোর দরপতন হয়েছে। সব মিলিয়ে উৎসে কর বৃদ্ধি করা যুক্তিযুক্ত হবে না। তিনি উৎপাদন ব্যয় কমানোর জন্য আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান।

উৎসে কর কম দিলে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। তা ছাড়া পোশাকশিল্পের বয়স ৩০ বছর হয়েছে। আর কত দিন সরকারের সাহায্য-সহযোগিতা লাগবে?-এক সাংবাদিক এ প্রশ্ন করলে আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘বাবার কাছে সন্তান যত বড়ই হোক, সে ছোটই। বাস্তবতা হচ্ছে, বয়স ৩০ হলেও সমস্যা আছে।’ তিনি বলেন, ‘আমরা দিতে চাই। কিন্তু সময়টা সঠিক নয়।’
ইএবির অন্য দাবিগুলো হলো ২০১৯ সাল পর্যন্ত রপ্তানিমুখী শিল্পের জন্য বার্ষিক করহার ১০ শতাংশ হ্রাসকৃত হারে নির্ধারণ করা, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহার, পোশাকশিল্পের জন্য স্থানীয়ভাবে সরবরাহকৃত বিভিন্ন দ্রব্য ও সেবার মূসক প্রত্যাহার, ইউরোর দরপতনের জন্য ইউরোপীয় ইউনিয়নে রপ্তানির জন্য বিশেষ প্রণোদনা, পোশাকশিল্পের বন্ডেড ওয়্যার হাউজের দ্বৈত তদারকি বাতিল ও পোশাক কারখানা সংস্কারের অর্থায়নের জন্য বিশেষ তহবিল করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সহসভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, বিজেএমইএর সহসভাপতি আসলাম সানি ও সাবেক সভাপতি মোহাম্মদ হাতেম, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সাইফুল ইসলাম, টেরিটাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির, জুট গুডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরুল ইসলাম খান প্রমুখ।