উৎসে কর কমানোয় বিকেএমইএ সন্তোষ প্রকাশ করেছে
২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটে তৈরি পোশাক খাতের ক্ষেত্রে উৎসে কর কমিয়ে শূন্য দশমিক ৬ শতাংশ নির্ধারণ করায় বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সন্তোষ প্রকাশ করেছে। এ জন্য সংগঠনটি প্রধানমন্ত্রী ও তাঁর সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।২০১১-১২ অর্থবছরের বাজেটে রপ্তানিমূল্যের ওপর ১ দশমিক ৫ শতাংশ হারে উৎসে কর আরোপের যে প্রস্তাব করা হয়, তা কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার জাতীয় সংসদে অর্থমন্ত্রীকে অনুরোধ জানান। সে অনুযায়ী, তৈরি পোশাক খাতের ক্ষেত্রে উৎসে কর নির্ধারণ করা হয় শূন্য দশমিক ৬ শতাংশ।গতকাল বুধবার বিকেএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে জানানো হয়, সংগঠনটির পক্ষ থেকে ১১ জুন ও ২৬ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে দুবার সাক্ষাৎ করে রপ্তানিমূল্যের ওপর উৎসে কর কমানোর অনুরোধ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী সেটি করায় বিকেএমইএর পক্ষ থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে মিলাদের আয়োজন এবং পোশাক কারখানায় মিষ্টি বিতরণ করা হয়।বিকেএমইএ আশা করে, বিদ্যমান নগদ সহায়তার পরিমাণ ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশে উন্নীত করার পাশাপাশি বাড়িভাড়ার ওপর ভ্যাট প্রত্যাহার করা হলে নিটশিল্প খাতের রপ্তানির পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে। একই সঙ্গে বিশ্ববাজারে নিটপণ্য রপ্তানিতে বাংলাদেশ শিগগির শীর্ষস্থান দখল করতে পারবে।