>

২০১৬–১৭ অর্থবছরের বাজেট থেকে কী পেলেন ব্যবসায়ীরা। চার ব্যবসায়ী সংগঠনের নেতারা জানালেন তাঁদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা। সাক্ষাৎকার নিয়েছেন রাজীব আহমেদ ও শুভংকর কর্মকার
প্রথম আলো: বাজেটে পণ্য রপ্তানিতে উৎসে কর বৃদ্ধি করা হয়েছে। এতে করে প্লাস্টিক শিল্পের ওপর কী ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করেন?
জসিম উদ্দিন: প্লাস্টিক পণ্য রপ্তানিতে বর্তমানে শূন্য দশমিক ৬০ শতাংশ উৎসে কর দিতে হয়। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সেটি বাড়িয়ে দেড় শতাংশ করা হয়েছে। এটি কার্যকর হলে প্লাস্টিক পণ্য রপ্তানিকারকদের প্রতিযোগিতা কমে যাবে। খরচ বেড়ে যাবে। তাতে প্লাস্টিক পণ্য রপ্তানির পাশাপাশি প্রবৃদ্ধি কমে যাবে। কারণ, উৎসে কর বৃদ্ধি করার ফলে মুনাফা ঠিক রাখতে হলে পণ্যের মূল্য বৃদ্ধি করতে হবে। আন্তর্জাতিক বাজারে অনেক প্রতিযোগী দেশের প্রতিষ্ঠান রপ্তানি করে। তারা তো আর পণ্যের দাম বাড়াচ্ছে না। ফলে শেষ পর্যন্ত রপ্তানিতেই নেতিবাচক প্রভাব পড়বে। সে জন্য আমরা চাই সব দিক বিবেচনায় নিয়ে উৎসে করে বর্তমানের মতো শূন্য দশমিক ৬০ শতাংশই রাখা হোক।
প্রথম আলো: অন্য দুটি খাতের পাশাপাশি প্লাস্টিক খাতকে নগদ সহায়তা দেওয়া শুরু করেছে সরকার। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বিষয়টি উল্লেখ করেছেন। এ প্রণোদনার জন্য প্লাস্টিক পণ্য রপ্তানিকারকেরা উপকৃত হচ্ছেন? রপ্তানি কি বাড়বে?
জসিম উদ্দিন: সরকার প্লাস্টিক পণ্য রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা দিচ্ছে। তবে কিছু শর্ত আরোপ করা হয়েছে। যেমন বন্ড লাইসেন্স থাকলে ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) কারখানা হলে নগদ সহায়তা পাবে না। কিন্তু বাংলাদেশে প্লাস্টিকের কোনো কাঁচামাল পাওয়া যায় না। পুরোটাই আমদানি করতে হয়। আর কাঁচামাল আমদানির জন্য বন্ড লাইসেন্স নিতে হয়। ফলে এমন শর্ত দিয়ে এই নগদ সহায়তা দেওয়ার প্রস্তাবের কতটুকু যৌক্তিকতা আছে আমার জানা নেই।
প্রথম আলো: বাজেটে আর কী পেলেন আপনারা?
জসিম উদ্দিন: ঢাকা ও চট্টগ্রামে অনেক ছোট ছোট কারখানা আছে, যারা প্লাস্টিক পণ্য উৎপাদন করে। এগুলো সবই কুটিরশিল্প। এত দিন কারখানাগুলোর পণ্য মূসকের আওতামুক্ত ছিল। তবে এবারের বাজেটে তাদের ওপর ১৫ শতাংশ মূসক আরোপ করা হয়েছে। সব সময়ই ক্ষুদ্র ও কুটিরশিল্পকে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়। তবে মূসক আরোপের সিদ্ধান্তটি কি ছোটদের সুরক্ষা দিল নাকি ধ্বংস করল, সেটি ভেবে দেখা দরকার।