উৎসে কর বৃদ্ধিতে আপত্তি ইএবির
এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।সংগঠনটি একদিকে বলেছে, রপ্তানি প্রণোদনা স্কিমে কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি এবং রপ্তানি খাতে উৎসে কর শূন্য দশমিক ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ শতাংশ আরোপ করা হয়েছে, যেটা যুক্তিযুক্ত হয়নি। এ ছাড়া বস্ত্র ও পোশাকশিল্পের মূলধনি যন্ত্রপাতি, রং, রাসায়নিকসহ কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহার অথবা হ্রাসকৃত হারে কর আরোপ না করায় তাতে দেশের শিল্পায়ন কার্যক্রমের অগ্রযাত্রা ব্যাহত হতে পারে।অন্যদিকে ইএবি বলেছে, বাজেটকে সামগ্রিক বিবেচনায় উন্নয়ন ও গণমুখী এবং বাস্তবসম্মত আখ্যায়িত করে সরকারকে অভিনন্দন জানিয়েছে। এভাবেই গত শুক্রবার ইএবির সভাপতি আবদুস সালাম মুর্শেদী বাজেট-প্রতিক্রিয়া জানান।আবদুস সালাম মুর্শেদী বলেন, কর অবকাশসুবিধা দুই বছর বাড়ানোর ফলে নতুন বিনিয়োগ উৎসাহিত হবে এবং পুঁজিবাজারের আয়ের ওপর কর নির্ধারণ না করায় তা পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করবে।সালাম মুর্শেদী রপ্তানিমুখী শিল্পে ইটিপি স্থাপনে উৎসাহিত করতে প্রয়োজনীয় রাসায়নিক পণ্য আমদানির ক্ষেত্রে ৩ শতাংশের অতিরিক্ত সব শুল্ক-কর মওকুফের প্রস্তাবকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। সেই সঙ্গে সফটওয়্যার উন্নয়ন ও রপ্তানিতে আয়কর অব্যাহতির মেয়াদ ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর ফলে তা এই খাতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে এবং রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করবে।ইএবির সভাপতি বলেন, বন্ড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বিদ্যমান সময়সীমা বাড়িয়ে দুই বছর করায় এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের সিদ্ধান্তের ফলে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে, যা দেশে শিল্পায়ন ও কর্মসংস্থানে অবদান রাখবে।তিনি ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার থেকে বাড়িয়ে এক লাখ ৮০ হাজার টাকা করার প্রস্তাবকে সময়োপযোগী সিদ্ধান্ত বলে অভিহিত করেন। সালাম মুর্শেদী বলেন, ২০১১-১২ অর্থবছরে বাজেটে অবকাঠামো, মানবসম্পদ, কৃষি, সামাজিক নিরাপত্তা এবং তথ্যপ্রযুক্তি প্রভৃতি খাতের উন্নয়নে যে রূপরেখা সন্নিবেশিত হয়েছে, তা বাস্তবায়িত হলে দেশের জনগণের কল্যাণ সাধিত হবে।