আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর দশমিক ৬০ শতাংশ থেকে ১.৫ শতাংশ করায় খাতটির উদ্যোক্তারা আশাহত ও উদ্বিগ্ন। নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ মনে করে, উৎসে কর বৃদ্ধি করায় পোশাকশিল্প হুমকির মুখে পড়বে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল রোববার বাজেট নিয়ে এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছে বিকেএমইএ। তারা বলছে, বাজেটে পোশাক খাতের করপোরেট কর ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশ, রপ্তানি খাতের জন্য সাড়ে চার হাজার কোটি টাকার প্রণোদনা, মূলধনি যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি হারে শুল্কায়ন-সুবিধা ও দক্ষ মানবসম্পদ গঠনে উল্লেখযোগ্য বরাদ্দ রাখার সিদ্ধান্ত ইতিবাচক। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
উৎসে কর বৃদ্ধি করার সিদ্ধান্তের বিষয়ে বিকেএমইএ বলছে, নতুন বাজার সম্প্রসারণে বিকেএমইএ কাজ করছে। তবে উৎসে কর ১৫০ শতাংশ বৃদ্ধি করায় নতুন বাজারে রপ্তানির পরিমাণ ও বাজার বিস্তৃতির ধারাবাহিকতা কিছুটা হলেও বাধাগ্রস্ত হবে। এ ছাড়া ছোট, মাঝারিসহ সব নিট পোশাক কারখানাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে।
অন্যদিকে অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি ও প্রি-ফেব্রিকেটেড বা ইস্পাতের ভবনের সরঞ্জাম আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক বহাল রাখার সিদ্ধান্ত নিট পোশাকশিল্পের জন্য সুখকর হবে না বলে মন্তব্য করেছে বিকেএমইএ। তাই এই শুল্ক প্রত্যাহার করার দাবি করেছে সংগঠনটি। বিজ্ঞপ্তি।