পাটপণ্য ও কাঁচা পাট রপ্তানিতে উৎসে কর কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) ও বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)।
আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেট নিয়ে গত শনিবার গণমাধ্যমে পাঠানো পৃথক প্রতিক্রিয়ায় সংগঠন দুটি এ দাবি জানায়।
বিজেএমএ বলছে, পাটপণ্য রপ্তানিতে উৎসে কর দশমিক ৬ থেকে বাড়িয়ে ১ শতাংশ করায় এ খাতে নেতিবাচক প্রভাব পড়বে। কারণ বিভিন্ন ঘটনায় বিশ্ববাজারে পাটপণ্যের চাহিদা ও মূল্যে ধস নেমেছে। এ ছাড়া পণ্যের মোড়কে পাটের ব্যবহার বাধ্যতামূলক আইন পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এসব কারণে প্রায় ৪০টি পাটকল বন্ধ হয়ে গেছে বলে দাবি সংগঠনটির। এ জন্য তারা উৎসে কর বর্তমানের দশমিক ৬ থেকে কমিয়ে দশমিক ৩ শতাংশ করার দাবি জানিয়েছে।
অন্যদিকে বিজেএ বলছে, উৎসে কর বাড়ানোর সিদ্ধান্তে কাঁচা পাট রপ্তানিকারকদের ব্যবসায়ে অন্তরায় সৃষ্টি করবে। অনেকে পণ্য রপ্তানিতে আগ্রহ হারিয়ে ফেলবে। বিজেএর পক্ষ থেকে কাঁচা পাট রপ্তানিতে উৎসে কর হার মুক্ত রাখার দাবি জানানো হয়।