উৎসে কর হার কমানোর দাবি বিজিএমইএ ও বিকেএমইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসে কর হার কমানোর পক্ষে রপ্তানিমুখী নিট ও ওভেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) চায়, উৎসে কর হার দশমিক ৮ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫ শতাংশ করা হোক। অন্যদিকে রপ্তানিমূল্যের ওপর একই হারে উৎসে কর আরোপ না করে ‘কাটিং অ্যান্ড মেকিং’-এর মূল্যের ওপর এই হার আরোপ করার দাবি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই দুটি সমিতির পক্ষ থেকে বন্ড-সুবিধার মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছরে উন্নীত করারও দাবি জানানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক্-বাজেট আলোচনায় গতকাল সোমবার দেশের এই শীর্ষ দুই রপ্তানিকারক সমিতির নেতারা এ দাবি জানান। এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন এতে সভাপতিত্ব করেন। সেগুবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বন্ডের সুবিধাভোগী বিজিএমইএ, বিকেএমইএ এবং মুদ্রণ ও প্রকাশনাশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পোশাক খাত: আলোচনায় সামাজিক দায়বদ্ধতার আওতায় কর রেয়াত ১০ শতাংশের পরিবর্তে যৌক্তিক হার নির্ধারণের দাবি করেছেন দেশের এই শীর্ষ রপ্তানিকারকেরা। বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, গ্যাস-সংযোগের অভাবে যেসব প্রতিষ্ঠান উৎপাদন শুরু করতে পারছে না, তাদের আর্থিক সহায়তার পাশাপাশি সুদ মওকুফ করা উচিত। বিকেএমইর পক্ষ থেকে দেশীয় সুতা বা কাপড় ব্যবহারের বিপরীতে প্রত্যাবাসিত মূল্যের বিপরীতে প্রাপ্ত নগদ সহায়তা (ভর্তুকি) সম্পূর্ণ আয়করমুক্ত রাখার দাবি জানানো হয়। সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাতেম এসব দাবি উত্থাপন করেন। তিনি আরও বলেন, বছরে ৬০ লাখ ডলারের বেশি রপ্তানি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শুল্কমুক্ত-সুবিধায় গাড়ি আনার সুযোগ দেওয়া উচিত। অন্যান্য: বাংলা বই রপ্তানির আয় আয়করমুক্ত রাখার দাবি জানিয়েছেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ। এ ছাড়া পাঠাগারে অনুদানের অর্থ আয়করমুক্ত রাখা, সৃজনশীল প্রকাশকদের শুল্কমুক্ত কাগজ আমদানির সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। এ ছাড়া আলোচনায় অংশ নেন প্লাস্টিকদ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি জসিমউদ্দিন, বিজ্ঞাপনী সংস্থা সমিতির সভাপতি মনির আহমেদ খান, মোশন পিকচার প্রদর্শক সমিতির সহসভাপতি সুদীপ্ত কুমার দাস, কাগজ আমদানিকারক সমিতির সভাপতি শফিকুল ইসলাম ভরসা, ফটোগ্রাফিক সমিতির সভাপতি আক্কাস মাহমুদ, গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাফেজ আলম চৌধুরী, পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির প্রতিনিধি নূর আলী, মুদ্রণ শিল্প সমিতির প্রতিনিধি তোফায়েল খান বক্তব্য দেন। সভায় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।