উৎসে কর হার বাড়ানোয় ক্ষুব্ধ পোশাকশিল্প মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫-১৬ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর হার বাড়ানোয় ক্ষোভ জানিয়েছেন পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এতে শিল্পের স্বাভাবিক বিকাশ ব্যাহত হবে।
ঘোষিত বাজেটে এ খাতের রপ্তানিতে উৎসে কর হার শূন্য দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশে নির্ধারণের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তৈরি পোশাক ছাড়াও হিমায়িত খাদ্য, পাট, চামড়া, সবজি ও প্যাকেটজাত খাদ্য রপ্তানির ক্ষেত্রেও উৎসে কর হার বাড়িয়ে ১ শতাংশ করা হয়েছে।
পোশাক ও বস্ত্র খাতের চার সংগঠন গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে উৎসে কর হার কমানোর দাবি জানিয়েছে। সংগঠনগুলো হচ্ছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ এবং পোশাক খাতের সরঞ্জাম ও মোড়ক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএপিএমইএ।
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর নেতারা বলেন, ‘বাজেট বস্ত্র খাতবান্ধব হয়নি।’
এদিকে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গতকাল বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে উৎসে কর বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে যৌক্তিক বলে মত দিয়েছে। সংস্থাটি বলেছে, অন্তর্বর্তীকালীন সহায়তার অংশ হিসেবে চলতি ২০১৪-১৫ অর্থবছরে উৎসে কর হার কমানো হয়েছিল। নতুন অর্থবছরে সেটি ১ শতাংশ করার পরিকল্পনাটি ঠিক আছে।
উৎসে কর হার কমানোর দাবির পেছনে যুক্তি হিসেবে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর পোশাক খাতের কারখানাগুলোর সংস্কার কার্যক্রম চলছে। এতে কোটি কোটি টাকা বিনিয়োগ করতে হচ্ছে। আবার এক বছর ধরে ডলারের বিপরীতে ইউরোর অবমূল্যায়ন চলছে। তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে উৎসে কর হার ১ শতাংশ করা হলে নিট ও ওভেন পোশাক খাতে নতুন করে ঝুঁকি বাড়বে। তাতে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে আমরা টিকতে পারব না।’
অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেছেন, ‘আমাদের কাপড় ও পোশাকশিল্প নানা ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করছে।’ এই উদ্ধৃতি উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ‘আমরা নিয়েছি ঠিকই। তবে অর্থনীতিকেও অনেক কিছু দিয়েছি, কর্মসংস্থান সৃষ্টি করেছি।’
এদিকে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে যন্ত্রপাতি আমদানিতে প্রথমবারের মতো ১ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। এটি কমানোর দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিটিএমএর সভাপতি তপন চৌধুরী, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী। উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, বর্তমান সহসভাপতি এস এম মান্নান, সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।