পণ্য রপ্তানিতে উৎসে কর কমানোর দাবি জানিয়েছে পোশাকশিল্পের সরঞ্জাম, পোশাকসহ অন্য খাতের মোড়ক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএপিএমইএ। একই সঙ্গে করপোরেট কর কমানো ও রপ্তানিতে আর্থিক প্রণোদনা দেওয়ার পাশাপাশি দক্ষ জনবল তৈরি করতে একটি ইনস্টিটিউট স্থাপনের জন্য বাজেটে বরাদ্দ চেয়েছে সংগঠনটি।
রাজধানীর কারওয়ান বাজারের লা ভিঞ্চি হোটেলে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এভাবেই বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। এতে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সভাপতি আবদুল কাদের খান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রাফেজ আলম চৌধুরী, সফিউল্লাহ চৌধুরী প্রমুখ।
আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে পণ্য রপ্তানিতে উৎসে কর দেড় শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এর ফলে রপ্তানিমুখী শিল্পের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়বে ও সক্ষমতা কমবে, এমনটাই মনে করে বিজিএপিএমইএ। তাই সংগঠনটি বর্তমানের মতো উৎসে কর দশমিক ৬০ শতাংশ রাখার প্রস্তাব করেছে।
বাজেটে পোশাকশিল্পের জন্য করপোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। পোশাক খাতের পশ্চাদমুখী সংযোগ শিল্প হিসেবে কাজ করে সরঞ্জাম ও মোড়ক পণ্যের খাত। তাই খাতটির জন্য করপোরেট কর ১০ শতাংশ করার দাবি জানান আবদুল কাদের খান।