২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রপ্তানির ক্ষেত্রে উৎসে কর এক দশমিক ২০ শতাংশ ধার্য করা হয়েছে। প্রস্তাবটির তীব্র সমালোচনা করে রপ্তানিকারকদের একাধিক সংগঠন বলছে, এই প্রত্যক্ষ কর না কমালে শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। ফলে সাত দশমিক ২০ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জের মুখে পড়বে।বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) গতকাল শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এই কর কমানোর অনুরোধ জানিয়েছে। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) বাজেট ঘোষণার দিন বৃহস্পতিবার রাতে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে একই দাবি জানিয়েছে।নিজস্ব কার্যালয়ে গতকাল বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আগামী অর্থবছরের বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজিএমইএ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএর সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন।সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘বাজেটে শিল্পের জন্য বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ আছে। এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি এবং সার্বিক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া ইতিবাচক দিক। তবে প্রত্যক্ষ কর বাড়ানোর ফলে রপ্তানিমুখী শিল্প ও বিনিয়োগ উদ্যোক্তারা নিরুৎসাহিত হবেন। পক্ষান্তরে তা নতুন অর্থবছরে অর্থনীতির ৭ দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ও সরকারের শ্রমঘন শিল্পায়ন কৌশলের সঙ্গে সাংঘর্ষিক হবে।বিজিএমইএর সভাপতি বলেন, বিশ্বমন্দার কারণে আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানি কমে গেছে। অথচ মজুরি, বিদ্যুৎ, পরিবহন খরচ ও ব্যাংক সুদের হার বাড়ার কারণে পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে প্রায় ১০ শতাংশ। তিনি বলেন, উৎসে করের বিষয়টি বহাল থাকলে ব্যবসায়ীদের তো ঘর থেকে নিয়ে এসে এনবিআরকে টাকা দিতে হবে। মহিউদ্দিন বলেন, ‘আন্তর্জাতিক বাজারে কোনো আশার আলো দেখছি না। ফলে পরবর্তী অর্থবছর পোশাক খাতের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হবে। এই প্রেক্ষাপটে বাজেটে রপ্তানির ক্ষেত্রে ১ দশমিক ২০ শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রস্তাব করা উচিত হয়নি।’ মহিউদ্দিন বলেন, রপ্তানিমুখী শিল্প ১২ শতাংশ মুনাফা করে ধরে নিয়ে তার ওপর ১০ শতাংশ কর হিসাবে ১ দশমিক ২০ শতাংশ কেটে নেওয়া হবে। কিন্তু বাস্তবে পোশাক শিল্পকারখানাগুলো প্রকৃত মুনাফা করে বিক্রয়মূল্যে দশমিক ৫০ থেকে ১ শতাংশ। তিনি দশমিক ৪০ শতাংশ হারে উৎসে কর কর্তনের অনুরোধ জানান। সম্ভব না হলে বর্তমানের মতোই দশমিক ৬০ শতাংশ রাখা এবং একইসঙ্গে পোশাক খাতের প্রণোদনার মেয়াদ আরও অন্তত তিন বছর বাড়ানোর দাবি জানান সভাপতি। তবে আগামী বাজেটে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে কারখানার স্থান ও স্থাপনা ভাড়ার ওপর থেকে কর প্রত্যাহারের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিজিএমইএ। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উপকৃত হবে বলে মনে করেন বিজিএমইএর নেতারা।আগামী বাজেটে রপ্তানিমুখী শিল্পে টেলিফোন, ট্যালেক্স, ফ্যাক্স, বিমা, কুরিয়ার, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে কর প্রত্যাহার এবং এ ছাড়া রপ্তানি বাণিজ্য বহুমুখীকরণ ও প্রণোদনাব্যবস্থা অব্যাহত রাখার বিষয়ে অর্থমন্ত্রীর ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছেন সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, ফারুক হাসান, আবদুল মান্নান, পরিচালক এস শহীদুজ্জামান, শফিউল আজম প্রমুখ। বিকেএমইএ: সাম্প্রতিককালে ইউরোপে চলমান অর্থনৈতিক মন্দার কারণে নিট পোশাক রপ্তানি আশঙ্কাজনকহারে কমেছে। এমন পরিস্থিতিতে উৎসে কর কর্তন ১ দশমিক ২০ শতাংশ নির্ধারণ করা হলে পুরো বস্ত্রশিল্পের ওপরই নেতিবাচক প্রভাব পড়বে।এ ছাড়া নগদ সহায়তা বাবদ প্রাপ্ত অর্থের বিপরীতে ৫ শতাংশ কর আরোপ করা হয়েছে। কিন্তু নগদ সহায়তার অর্থ কোনো অবস্থাতেই লভ্যাংশ নয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা উল্লেখ করে বিকেএমইএ চলতি অর্থবছরের চেয়ে কম হারে উৎসে কর কর্তনের হার নির্ধারণ ও নগদ সহায়তার ওপর থেকে কর প্রত্যাহারের দাবি জানায়।ইএবি: প্রস্তাবিত বাজেটে নতুন শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ ও সংযোগের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। উৎসে কর বাড়ানোর সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী হয়নি বলে উল্লেখ করেছে ইএবি।সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতিটি জানায়, এ কারণে রপ্তানিমুখী শিল্প নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়বে। একই সঙ্গে মন্দা কাটিয়ে ওঠার আগে প্রণোদনা প্যাকেজ প্রত্যাহার করে নেওয়ায় রপ্তানিমুখী শিল্প নতুন নতুন বাজারে প্রবেশের ক্ষেত্রে পিছিয়ে পড়বে। এ ছাড়া প্রতিযোগী ও প্রতিবেশী দেশের মতো ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনতে না পারলে শিল্পের সম্প্রসারণ সম্ভব নয়।বাজেটে সব ধরনের রপ্তানিমুখী শিল্পখাতের জন্য সব ব্যাংক কর্তৃক এক ও অভিন্ন ডলার হার নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করছে ইএবি।