উৎসে করের নির্দেশনা প্রত্যাহার নিয়ে চট্টগ্রাম চেম্বারের মতবিনিময়
পাঁচ শতাংশ উৎসে কর আদায় নিয়ে জটিলতা নিরসনে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা গতকাল মঙ্গলবার ঊর্ধ্বতন কর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। চেম্বার সভাপতির কক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ্, কর কমিশনার অপূর্ব কান্তি দাশ, অতিরিক্ত কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ ও যুগ্ম কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দ। মতবিনিময় সভায় কর অঞ্চল থেকে কর আদায়ের নির্দেশনা সংশোধন করে ব্যাংকগুলোকে চিঠি পাঠানোর করা সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, ১ এপ্রিল চট্টগ্রাম কর অঞ্চল-২ থেকে ব্যাংকগুলোকে লোকাল এলসির মাধ্যমে সরবরাহ করা পণ্যের জন্য পরিশোধিত বিলের বিপরীতে উৎসে আয়কর কেটে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। এতে পরিশোধিত বিলের বিপরীতে এক শতাংশ থেকে সর্বোচ্চ পাঁচ শতাংশ পর্যন্ত আয়কর আদায়ের নির্দেশনা দেওয়া হয়। তবে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে ১৯ এপ্রিল এ নির্দেশনা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হয়।