উৎসে বর্ধিত আয়করে আপত্তি বিজিএমইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক রপ্তানিতে উৎসে আয়কর নেওয়ার প্রচলিত হার বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে পোশাক খাতে বাণিজ্যিকভাবে ব্যবহূত বাড়ি ভাড়ার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা গতকাল মঙ্গলবার এসব দাবি জানান। এ সময় তাঁরা বলেন, দেরিতে হলেও সরকার পোশাকশিল্পের দুঃখ বুঝতে পেরেছেন। সে অনুযায়ী প্রস্তাবিত বাজেটে রপ্তানি খাতের স্থিতিশীলতা অর্জন না করা পর্যন্ত আর্থিক প্রণোদনা বাবদ দুই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু বাজেটে রপ্তানিমুখী পোশাকশিল্প প্রতিষ্ঠানের বাড়ি ভাড়ার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করা হয়নি। বরং উৎসে আয়কর নেওয়ার হার দশমিক ২৫ শতাংশ থেকে চার গুণ বাড়িয়ে এক শতাংশ করা হয়েছে। এতে প্রণোদনা গুচ্ছের সুফল এ শিল্পের উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা কতটুকু বাড়াবে তা নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে বলেও মনে করে বিজিএমইএ। তাই পোশাকশিল্পের প্রতিযোগিতার সক্ষমতার স্বার্থে মূসক প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি উৎসে আয়কর নেওয়ার হার আগেরটায় বহাল রাখা সময়োপযোগী ও যৌক্তিক হবে বলে নেতারা অভিমত ব্যক্ত করেন। এ ছাড়া আরও কয়েকটি বিষয়ে দাবি-দাওয়া থাকলেও সামগ্রিকভাবে প্রস্তাবিত বাজেটকে জনকল্যাণমুখী, রপ্তানি ও বাণিজ্যবান্ধব বলেই আখ্যায়িত করেছে বিজিএমইএ। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী। এ সময় সংগঠনের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, নাসির উদ্দিন চৌধুরী ও সিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। আবদুস সালাম বলেন, বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশের কথা বলা হয়েছে, এটা খুবই আশাব্যঞ্জক। কিন্তু প্রবৃদ্ধির এ লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে চলমান বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান অপরিহার্য। সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে ছয় হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এটি অবশ্যই প্রশংসনীয় পদক্ষেপ। তবে বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন। বিজিএমইএ মনে করে, প্রস্তাবিত বাজেট মূল্যস্ফীতি বাড়াবে। যদিও সরকার বেতনস্কেল বাড়ানোর চিন্তা করছে, তার পরও এর সুফল পেতে হলে জনগণের ক্রয়ক্ষমতা ধরে রাখার উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে আবদুস সালাম বলেন, ২০০৬ সালে ন্যূনতম মজুরি ঘোষণার পরও শ্রমিকেরা এর সুফল পাননি। তাই বলা যায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সরকার একটি কমিটি করে দিয়েছে। এ কমিটি যে মজুরি নির্ধারণ করবে, আমরা পোশাকশিল্প মালিকেরা তা মেনে নেব।’সংবাদ সম্মেলনে বলা হয়, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) পোশাক কারখানাগুলো ১০ বছরের কর অবকাশ-সুবিধা পায়। তারা শুল্কমুক্তভাবে প্রি-ফ্যাব্রিকেটেড ইকুইপমেন্ট, গাড়ি আমদানি করতে পারে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস-সুবিধা পায়। অথচ ইপিজেডের বাইরের শতভাগ রপ্তানিমুখী পোশাকশিল্প প্রতিষ্ঠানগুলোকে এ সুবিধা দেওয়া হয় না। এতে করে স্থানীয় উদ্যোক্তারা বৈষম্যের স্বীকার হচ্ছেন। এই বৈষম্যের অবসান হওয়া প্রয়োজন। ঘোষিত বাজেটে যে প্রস্তাবনা বিবেচিত হয়নি, সেগুলো পুনর্বিবেচনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এগুলোর মধ্যে রয়েছে বিদ্যুতের অফ পিক রেটকে ফ্লাট রেট হিসেবে ধার্য করা, ক্যাপটিভ জেনারেটরে ব্যবহূত ডিজেল ও ফার্নেস অয়েল ভর্তুকি-মূল্যে দেওয়া, বর্জ্য শোধনাগারের জন্য আমদানি করা খুচরা যন্ত্রাংশ শূন্য শুল্ক নির্ধারণ, শ্রমিকদের রেশনের জন্য বিশেষ তহবিল বরাদ্দ রাখা এবং শ্রমিকদের জন্য কল্যাণমূলক কাজকে সিএসআর হিসেবে বিবেচনায় নেওয়া।