ঊর্ধ্বগতিসম্পন্ন অর্থনীতিতে নারীর অবদান থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল বলেছেন, একটি দেশের অর্থনীতি যখন ঊর্ধ্বগতিসম্পন্ন হয়, তখন তাতে নারীর অবদান থাকে। এ ক্ষেত্রে শুধু নারীদের অংশগ্রহণই নয়, তাদের গুণগত অংশগ্রহণ জরুরি।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘২০১৫-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা ও জাতীয় বাজেট: জেন্ডার প্রেক্ষিত’ বিষয়ক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এই অর্থনীতিবিদ এ কথা বলেন। মহিলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিকেলে সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, নারীর গৃহকর্মের মূল্যায়ন করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

অতিথি আলোচকের বক্তব্যে অর্থ বিভাগের যুগ্ম সচিব মো. আজিজুল আলম বলেন, বর্তমানে ৪০টি মন্ত্রণালয়ে জেন্ডার বাজেট অন্তর্ভুক্ত হয়েছে। যার মূল লক্ষ্য হচ্ছে নারীর উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা। এ ক্ষেত্রে সরকার অনেকটাই সফল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মী মূল প্রবন্ধে বলেন, ২০১৫ সাল বেশ কয়েকটি কারণে দেশীয় এবং আন্তর্জাতিক নীতি-কৌশল প্রণয়নকারীদের কাছে গুরুত্বপূর্ণ। এ বছর সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত হবে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার শেষ বছরের মূল্যায়ন শেষে সামনের নির্দেশনা স্থির হবে। বেইজিং সম্মেলনের ২০ বছর পূর্তিতে (বেইজিং + ২০) আন্তর্জাতিকভাবে নারীর জন্য মাইলফলক কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈশ্বিক অঙ্গীকার চূড়ান্ত হবে।

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা করতে চাইলে সামগ্রিক নীতিমালায় ব্যাপক পরিবর্তন ঘটাতে হবে এবং সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভায় প্যানেল আলোচক হিসেবে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের রিসার্চ ফেলো আবুল বাশার এবং দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সাংবাদিক মুনিমা সুলতানা বক্তব্য দেন।

সভাটি পরিচালনা করেন মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখতার।