ঊর্ধ্বমুখী ছিল বাজার
নতুন মূল্যসূচক চালুর দিনে গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব কটি সূচকই বেড়েছে। ডিএসইর পুরোনো সাধারণ সূচক এদিন ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৯৭ পয়েন্টে। আর নতুন সূচক ডিএসইএক্স প্রায় ৩৫ পয়েন্ট বেড়ে হয়েছে চার হাজার ৯০। লেনদেনের শুরুতে চার হাজার ৫৫ পয়েন্ট থেকে যাত্রা শুরু হয় নতুন সূচক ডিএসইএক্সের। এটি ডিএসইর প্রধান সূচক হিসেবে প্রদর্শিত হবে। এ ছাড়া, বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে চালু হওয়া ডিএস-৩০ সূচকটি এদিন প্রায় ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৭৩ পয়েন্টে। এদিন এক হাজার ৪৬০ পয়েন্ট থেকে নতুন এই সূচকটির যাত্রা শুরু হয়। নতুন দুটি সূচক চালু হওয়ার সঙ্গে সঙ্গে গতকাল থেকেই উঠে গেছে ডিএসআই সূচকটি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণে ডিএস-৩০ সূচকের জন্য যেসব কোম্পানি বাছাই করা হয়েছে, সেগুলো হলো: স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বেক্সিমকো, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, তিতাস গ্যাস, হাইডেলবার্গ সিমেন্ট, ইউসিবিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, ইউনাইটেড এয়ার, বিএটিবিসি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, যমুনা অয়েল, বিএসআরএম স্টিলস, পদ্মা অয়েল, পাওয়ার গ্রিড, আর এন স্পিনিং, ডেসকো, মেঘনা পেট্রোলিয়াম, আফতাব অটোমোবাইলস, স্কয়ার টেক্সটাইল, কেপিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এম জে এল বিডি, পিপলস লিজিং ও কেয়া কসমেটিকস।