ঊর্ধ্বমুখী ধারায় চাঙা হচ্ছে শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন-পরবর্তী শেয়ারবাজারে গত কয়েক দিনের সূচকের ঊর্ধ্বমুখী ধারা গতকাল বৃহস্পতিবারও অব্যাহত ছিল। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক প্রায় ১৭ পয়েন্ট বেড়েছে। আগের দিনের মতো এদিনও ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন লেনদেন ৫০ কোটি টাকা ছাড়িয়েছে। একই সঙ্গে ওই বাজারেও সূচক বেড়েছে দিন শেষে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্বাচনের পর অনেক নিষ্ক্রিয় বিনিয়োগকারী একটু একটু করে সক্রিয় হয়ে উঠছেন। এ কারণে বাজারে লেনদেনে কিছুটা গতি ফিরেছে।
জানতে চাইলে মার্চেন্ট ব্যাংক কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, নির্বাচনকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে যে ভীতি বা শঙ্কা ছিল, সেটি ধীরে ধীরে কমতে শুরু করেছে। এর ফলে নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের অনেকে লেনদেনে সক্রিয় হয়েছেন। তাতেই লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।
মাশরিব জাহিদ আরও বলেন, নির্বাচনী শঙ্কা কাটলেও দেশের সামগ্রিক অর্থনীতিতে এখনো এক ধরনের স্থবিরতা রয়ে গেছে। এই স্থবির অবস্থা অব্যাহত থাকলে ক্রমেই তা পুঁজিবাজারেও নেতিবাচক প্রভাব ফেলবে।
ঢাকার বাজারে বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে ছিল গোল্ডেন সন। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ২১ কোটি টাকার লেনদেন হয়। আগের দিন কোম্পানিটি লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল।
ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষ দুই কোম্পানি ছিল টেক্সটাইল খাতের। সেগুলো হলো প্যারামাউন্ট টেক্সটাইল ও অ্যাপেক্স স্পিনিং। গত নভেম্বরে বাজারে তালিকাভুক্ত হওয়া প্যারামাউন্ট টেক্সটাইলের দাম গতকাল এক দিনে ৬ শতাংশ বা তিন টাকা ৭০ পয়সা বেড়ে হয়েছে প্রায় ৫৫ টাকা। অ্যাপেক্স স্পিনিংয়ের প্রতিটি শেয়ারের দাম এদিন ৫ শতাংশ বা এক টাকা ৮০ পয়সা বেড়ে হয়েছে ৭৬ টাকা।
ঢাকার বাজারের সাধারণ সূচক দিন শেষে বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪০৮ পয়েন্টে। এদিন ডিএসইতে ২৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৭টির দাম বেড়েছে, কমেছে ৮৫টির আর অপরিবর্তিত ছিল ৩৮টির দাম। দিন শেষে ঢাকায় প্রায় ৫১৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম।
চট্টগ্রামের বাজারে এদিন ২২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০৬টির দাম বেড়েছে, কমেছে ৯৪টির আর অপরিবর্তিত ছিল ২৫টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৩ কোটি টাকা, যা আগের দিনের প্রায় সমান। এদিন সিএসইর সার্বিক সূচক ৭৪ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৬৬৩ পয়েন্ট।