ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে লেনদেন ছিল কম
বড় ধরনের দরপতনের এক দিন পর আজ মঙ্গলবার দেশের পুঁজিবাজারে চাঙাভাব লক্ষ করা গেছে। আজ দুই স্টক এক্সচেঞ্জে সূচকের নিম্নগামী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। তবে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে তা শেষ হয়েছে। তবে লেনদেন গতকালের চেয়ে কমেছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ প্রথম দুই ঘণ্টায় সূচক দ্রুত ওঠানামা করে। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক ৯৫ পয়েন্ট কমে যায়। তবে ১৫ মিনিটের দিকে তা ৪০ পয়েন্ট বেড়ে যায়। এরপর একাধিকবার ওঠানামার পর বেলা একটার পর থেকে সূচক দ্রুত বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৬০.৫৩ পয়েন্ট বেড়ে ৬,৪২৩.২২ পয়েন্টে দাঁড়ায়।ডিএসইতে আজ ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩০টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে মোট ৭৯২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৩২ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, আফতাব অটো, তিতাস গ্যাস, আরএকে সিরামিকস, বেক্সটেক্স, পিএলএফএসএল, ফু-ওয়াং সিরামিকস, ডেসকো, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট।আজ সবচেয়ে বেশি বেড়েছে সিএমসি কামালের শেয়ারের দাম। এ ছাড়া আরএকে সিরামিকস, সিনোবাংলা, এসিআই, জিকিউ বলপেন, কে অ্যান্ড কিউ, বিচ হ্যাচারিজ, ইমাম বাটন, কাশেম ড্রাইসেল ও আনলিমা ইয়ার্ন দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে কোহিনুর কেমিক্যালসের শেয়ারের দাম। এ ছাড়া দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড, মার্কেন্টাইল ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিপলস ইনস্যুরেন্স, স্টাইল ক্র্যাফট, এআইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, আইসিবি প্রথম এনআরবি মিউচুয়াল ফান্ড, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড, বিডি ল্যাম্পস ও রেনেটা লিমিটেড দাম কমে যাওয়া শীর্ষ ১০ এর তালিকায় রয়েছে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আজ ৩৭৩.১৮ পয়েন্ট বেড়ে ১৭,৯৪৫.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের। সিএসইতে আজ মোট ১০১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২২ কোটি টাকা কম।