ঊর্ধ্বমুখী প্রবণতা শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ৫৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২৫ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ৫৬৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ৪৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ৪২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।

এদিকে, দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪১২৩ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৯৮টিরই দাম বেড়েছে। কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

ডিএসইর পাশাপাশি সিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৭৩০ পয়েন্টে।

আজ সিএসইতে হাতবদল হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৭টির দাম বেড়েছে। কমেছে ৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল টেলিযোগাযোগ খাতের কোম্পানি বিএসসিসিএল। আজ এই প্রতিষ্ঠানের ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, অ্যাকটিভ ফাইন, আরএন স্পিনিং, গ্রামীণফোন, হেইডেলবার্গ সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, সিভিও পেট্রোকেমিক্যাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, ইস্টার্ন হাউজিং প্রভৃতি।