ঊর্ধ্বমুখী প্রবণতায় শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ সোমবার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ফলে বেড়েছে সূচক। পাশাপাশি লেনদেন বেড়েছে দুই বাজারে। তবে গতকাল রোববার ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথম কর্মদিবসে দুই বাজারেই দরপতন হয়।

ডিএসইতে সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক আজ ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৪১৫ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

যদিও গতকাল ডিএসইতে ৫০ পয়েন্ট সূচক কমেছিল। প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের অর্জিত মুনাফায় কর আরোপ করাসহ বেশ কয়েকটি কারণে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অসন্তোষ বিরাজ করায় গতকাল দরপতনের ঘটনা ঘটে। তবে আজ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় থাকায় বাজার ইতিবাচক ধারায় থাকে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ডিএসইতে আজ ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১১টিরই দাম বেড়েছে, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৪২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৪১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে সূচক বেড়েছে ২১২ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি সিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬০৩ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৭টিরই দাম বেড়েছে। কমেছে ৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ২৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২৪ কোটি টাকা লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এই প্রতিষ্ঠানের ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, এমজেএল বিডি, জিপিএইচ ইস্পাত, ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, জেনারেশন নেক্সট ফ্যাশন প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।