ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ শেয়ারবাজারের লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদুল ফিতরের ছুটির পর গত সপ্তাহে ব্রোকাজের হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি কম থাকলেও আজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় আজ বাজারে তার ইতিবাচক প্রভাব দেখা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ১ দশমিক ২৬ শতাংশ অর্থাত্ ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,০৩৩ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে লেনদেন হওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৮টির দাম বেড়েছে, কমেছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৪৪৯ কোটি টাকার শেয়ার মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা গত বুধবারের চেয়ে ৯৮ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ৩৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বিএসসিসিএল। প্রতিষ্ঠানটির ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া মেঘনা পেট্রোলিয়াম, ইউনাইটেড এয়ার, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং, তিতাস গ্যাস, যমুনা অয়েল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৫৩২ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে, কমেছে ৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আজ এই বাজারে ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বুধবারের চেয়ে ১৫ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ৩৬ কোটি টাকার লেনদেন হয়।