ঊর্ধ্বমুখী সপ্তাহ পার করল দেশের শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজার আরও একটি সপ্তাহ পার করল। সপ্তাহ শেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচকই ছিল ঊর্ধ্বমুখী। বাজারে স্থিতিশীলতা ফেরাতে গত সপ্তাহেও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নেতারা সম্মিলিতভাবে এসব উদ্যোগ নিয়েছেন।পুঁজিবাজারকে স্থিতিশীল করতে ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের রক্ষায় একটি মেয়াদহীন (ওপেন এন্ড) মিউচুয়াল ফান্ড গঠনের চূড়ান্ত ঘোষণা দেয় এফবিসিসিআই। প্রাথমিকভাবে এই ফান্ডে উদ্যোক্তারা ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবেন। এর আগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এই ফান্ড গঠনের ঘোষণা দেয়। পাশাপাশি একটি নির্দিষ্ট দাম ঘোষণা করে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের বাজার থেকে নিজ কোম্পানির শেয়ার কেনার আগ্রহের কথাও জানানো হয়। বুধবার বিএপিএলসির এসব সিদ্ধান্তে সম্মতি জানায় ডিএসই।সপ্তাহজুড়ে চলতে থাকা এসব উদ্যোগের প্রভাব দেখা যায় বাজারে। তাই সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজার ডিএসইর সাধারণ মূল্যসূচক ও লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে সপ্তাহজুড়ে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম।গত সপ্তাহে মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়েছিল, শেষও হয়েছে একই ধারায়। যদিও পাঁচ কার্যদিবসের মধ্যে দুই দিন বাজারে দরপতন ঘটেছে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্য এই পতনকে ‘মূল্য সংশোধন’ বলেই অভিহিত করেছেন।বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৩ শতাংশ শেয়ারের দাম বেড়েছে, আগের সপ্তাহে যা ছিল মাত্র ১৩ শতাংশ। একইভাবে সিএসইতে লেনদেন হওয়া ৭৪ শতাংশ শেয়ারের দাম বেড়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯ শতাংশ।সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় পৌনে ৪ শতাংশ এবং সিএসইর সার্বিক মূল্যসূচক প্রায় দেড় শতাংশ বেড়েছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, স্থিতিশীলতা ফেরানোর জন্য নেওয়া নানা উদ্যোগ বিনিয়োগকারীদের কিছুটা আশাবাদী করে তুলেছে, যার ইতিবাচক প্রভাব বাজারে দেখা গেছে। এ ছাড়া গত সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বুক বিল্ডিং পদ্ধতির সংশোধিত নীতিমালা চূড়ান্ত করেছে। এটি বাজারে শেয়ারের সরবরাহ বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইতে ২৬৬ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়। এর মধ্যে ২৪৮টিরই দাম বেড়েছে আর কমেছে ১৬টির দাম। ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ২৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯১০ পয়েন্টে। যদিও আগের সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক প্রায় ৩১৪ পয়েন্ট কমেছিল। গত সপ্তাহে ঢাকার বাজারে প্রায় দুই হাজার ৯২ কোটি টাকার লেনদেন হয়, আগের সপ্তাহে যা ছিল প্রায় এক হাজার ৭৩৯ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন প্রায় ৩৫৩ কোটি টাকা বেড়েছে। গত সপ্তাহে ডিএসইর প্রতিদিনের গড় লেনদেন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪১৮ কোটি টাকায়, আগের সপ্তাহে যা ছিল ৩৪৭ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় ৭০ কোটি টাকা।সিএসইতে গত সপ্তাহে ২১৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৫৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৭টির। গত সপ্তাহে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬৯ পয়েন্টে। সপ্তাহ শেষে সিএসইর মোট লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৩৪০ কোটি টাকায়, আগের সপ্তাহে যা ছিল ২৪৫ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৯৫ কোটি টাকা। একই সঙ্গে প্রতিদিনের গড় লেনদেন আগের সপ্তাহের চেয়ে ১৯ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি টাকায়।