ঊর্ধ্বমুখী সূচক দিন শেষে নিম্নগামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজারের লেনদেন শুরু হলেও শেষ হয় নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে। বাজার স্থিতিশীল রাখতে ‘বাংলাদেশ ফান্ড’ অনুমোদনের খবরে সূচক বাড়বে—বিনিয়োগকারীদের মধ্যে এ প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত দুই স্টক এক্সচেঞ্জেই তা কমেছে। এ নিয়ে টানা চার দিন শেয়ারবাজারে দরপতনের ঘটনা ঘটল। তবে সূচক কমলেও লেনদেনের পরিমাণ আগের চেয়ে কিছুটা বেড়েছে। বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারের কারসাজি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে যেসব ব্যক্তির নাম এসেছে, দৈনিক লেনদেনে তাঁদের বড় ধরনের প্রভাব রয়েছে। প্রতিবেদনে নাম আসায় তাঁদের বড় অংশই বাজারে সক্রিয় হচ্ছে না। তাঁদের ব্যাপারে সরকার কী ধরনের পদক্ষেপ নেবে সে ব্যাপারে তাঁরা সংশয়ে রয়েছেন। আবার যাঁরা বিনিয়োগের ক্ষেত্রে এসব ব্যক্তিকে অনুসরণ করেন তাঁরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এসব কারণে বিনিয়োগকারীদের একটা বড় অংশ মনে করে, বাজারের স্থিতিশীলতা অনেকখানি নির্ভর করবে তদন্ত প্রতিবেদনসহ সামগ্রিক বাজার পরিস্থিতি নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার হওয়ার ওপর।ডিএসই সূত্রে জানা যায়, গতকাল লেনদেনের প্রথম পাঁচ মিনিটের মাথায় সূচক ১৫০ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক কমতে শুরু করলেও বেলা একটা ১০ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেশি ছিল। কিন্তু দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৮ দশমিক ২৩ পয়েন্ট কমে ছয় হাজার ২৫০ পয়েন্টে নেমে আসে। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৭৯১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়, যা গতকালের চেয়ে ৭৬ কোটি টাকা বেশি।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১১৩ পয়েন্ট কমে ১৭ হাজার ৬০৭ পয়েন্টে দাঁড়ায়। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৮১ কোটি টাকার লেনদেন হয়েছে।তিন কোম্পানির লেনদেন স্থগিত: অস্বাভাবিক দাম বাড়ার অভিযোগে গতকাল পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। কোম্পানিগুলো হলো মুন্নু জুটেক্স, জেমিনি সি ফুড ও মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড।এর আগে গত সোমবার আরও চারটি কোম্পানির লেনদেন স্থগিত করে ডিএসই। এ নিয়ে দুই দিনে সাতটি কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করল সংস্থাটি। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানগুলোর দাম বাড়ার কারণে তাদের লেনদেন বন্ধ করা হয়েছে। একই সঙ্গে কোম্পানি তিনটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে ডিএসই।