ঊর্ধ্বমুখী হলো শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটির পর গতকাল মঙ্গলবার তৃতীয় কার্যদিবসে এসে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে। অবশ্য লেনদেন পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। গতকালও দুই স্টক এক্সচেঞ্জ মিলিয়ে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২০০ কোটি টাকা।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ছুটির পর প্রথম কার্যদিবসে বড় ধরনের দরপতন শুরু হওয়ায় কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাজারকে সহায়তায় এগিয়ে এসেছে। দরপতন ঠেকাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এই উদ্যোগে গতকাল বাজার ইতিবাচক ধারায় ফিরেছে। তবে লেনদেন পরিস্থিতির খুব বেশি উন্নতি না হওয়ায় বাজারের স্থিতিশীলতা নিয়ে শঙ্কা রয়ে গেছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে প্রায় ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮১৫ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮০৯ পয়েন্টে।

দরপতনের ধারা থেকে বাজার এমন ঘুরে দাঁড়ানোর কারণ সম্পর্কে জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘গত দুই দিন বাজারের আচরণ দেখে মনে হয়েছে, দরপতন ঠেকাতে কিছু প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। মৌলভিত্তিসম্পন্ন কিছু কিছু কোম্পানির ক্রয় আদেশ দেখে মনে হয়েছে, একটি পক্ষ বাজারকে টেনে তুলতে চাইছে। এ ছাড়া নির্বাচন সামনে রেখে দেশে যে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে, তাতে সমঝোতার কিছুটা বাতাস বইছে। এটিও বাজার ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে।’

এদিকে ইতিবাচক ধারায় ফিরলেও গতকাল ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আবারও জায়গা করে নিয়েছে দুর্বল মৌলভিত্তির স্বল্প মূলধনের কোম্পানিগুলো। এগুলো হলো: আনোয়ার গ্যালভ্যানাইজিং, মডার্ন ডায়িং, দেশ গার্মেন্টস, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফাইন ফুডস, রংপুর ফাউন্ড্রি, স্ট্যান্ডার্ড সিরামিক, বিডি অটোকারস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ও লিগেসি ফুটওয়্যার।

এগুলোর মধ্যে বেশ কিছু কোম্পানির শেয়ারের দর কিছুদিন আগে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছিল; যার পরিপ্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা কিছু কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ তদন্তের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি কোম্পানিগুলোর পক্ষ থেকেও বিনিয়োগকারীদের সতর্ক করে দেওয়া হয়। তার পরও এসব কোম্পানি আবারও দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।

ডিএসইতে গতকাল  লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৮৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা বেশি।  সিএসইতে   লেনদেনের পরিমাণ ছিল ১৭ কোটি টাকা, যা আগের দিনের লেনদেনের প্রায় সমপরিমাণ।