ঊর্ধ্বমুখী হলো শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার দিন পতনের পর গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে। তবে বাজারে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমে গেছে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দিনশেষে সাধারণ মূল্যসূচক বেড়েছে প্রায় ৬৬ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন প্রায় ১৬৩ পয়েন্ট বেড়েছে।গত দুই দিনের বড় দরপতনের ধারাবাহিকতায় গতকালও ঢাকার বাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় মূল্যসূচকের বেশ ওঠানামা ছিল। কিন্তু দুপুরের পর মূল্যসূচকের এই অস্থিরতা কমতে থাকে এবং তা ঊর্ধ্বমুখী হয়।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত দুই দিনের দরপতন ছিল অপ্রত্যাশিত। দেশের সামগ্রিক অর্থনীতি নিয়ে নানা মহলের বক্তব্য ও আসন্ন মুদ্রানীতিকে ঘিরে অনিশ্চয়তার প্রভাবে হঠাৎ করে বিনিয়োগকারীদের অতিমাত্রায় আতঙ্কিত বা শঙ্কিত হয়ে পড়ার যৌক্তিক কোনো ভিত্তি ছিল না।এদিকে, গতকাল দিনশেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ২২২ পয়েন্টে। যদিও লেনদেন শুরুর ২৫ মিনিটের মাথায় তা আগের দিনের চেয়ে প্রায় ৩৬ পয়েন্ট কমে ছিল। বুধবার ডিএসইতে ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২২৭টিরই দাম বেড়েছে, কমেছে ২৮টির আর অপরিবর্তিত ছিল চারটির দাম। দিনশেষে ডিএসইতে ৪০৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা কম।সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল দিনশেষে বেড়ে হয়েছে প্রায় ১৪ হাজার ৮৫০ পয়েন্ট। চট্টগ্রামের বাজারে এদিন ১৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ৩৫টির আর অপরিবর্তিত ছিল নয়টির দাম। দিনশেষে সিএসইতে ৪৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা কম।