ঊর্ধ্বমুখী হয়েছে সূচক বেড়েছে লেনদেনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের সপ্তাহের মতো গত সপ্তাহেও দেশের শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। আর এতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক, লেনদেনসহ সব ধরনের সূচকই ছিল ঊর্ধ্বমুখী। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ সূচক আবারও চার হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার ওপরে উঠে এসেছে। একইভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকও বেড়ে আবারও উঠে এসেছে সাড়ে ১২ হাজার পয়েন্টের ওপরে।মূল্যসূচকের পতন দিয়েই গত সপ্তাহের লেনদেন শুরু হয় শেয়ারবাজারে। সপ্তাহের শুরুতে বাজারে শেয়ার বিক্রির চাপ কিছুটা বেশি ছিল। ঈদ সামনে রেখে অনেক বিনিয়োগকারীর মধ্যে বাজার থেকে অর্থ তুলে নেওয়ার প্রবণতা বেড়ে যায়। এ কারণে সপ্তাহের শুরুতে বাজারে বিক্রির চাপ কিছুটা বেশি ছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। আবার সপ্তাহের শেষ দিকে এসে বাজারে বিনিয়োগের পরিমাণ কিছুটা বাড়তে থাকে। এ কারণে সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে লেনদেন প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। চলতি বছরের ২১ মের পর এটাই ছিল ডিএসইতে এক দিনে সর্বোচ্চ লেনদেন। গত সপ্তাহের বাজার-পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহ শেষে বাজার আগের সপ্তাহের দরপতনের ধারা থেকে বেরিয়ে এসেছে। সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে সপ্তাহজুড়ে বাজারে বড় ধরনের কোনো পরিবর্তন ছিল না। প্রতিবেদনে আরও বলা হয়, ঈদ-পরবর্তী বাজারের অবস্থা চিন্তা করে গত সপ্তাহে নতুন কিছু বিনিয়োগ এসেছে। মুদ্রাবাজারের স্থিতাবস্থা ও তালিকাভুক্ত অনেক কোম্পানির লভ্যাংশ ঘোষণার বিষয়টি সামনে রেখেই এসব বিনিয়োগ বাজারে এসেছে। সীমিত সময়ের লাভের আশা থেকে এসব বিনিয়োগ হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার তথ্য থেকে জানা গেছে, গত সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ সূচক আগের সপ্তাহের চেয়ে প্রায় ১ শতাংশ বা প্রায় ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ১৪২ পয়েন্টে। সপ্তাহজুড়ে ঢাকার বাজারে ২৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৫টি কোম্পানিরই শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১০টির আর অপরিবর্তিত ছিল ১৬টির শেয়ারের দাম। সপ্তাহ শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় এক হাজার ৭২ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ২০ শতাংশ বা ১৭৬ কোটি টাকা বেশি। লেনদেনের প্রায় ৭৭ শতাংশজুড়েই ছিল মৌলভিত্তির কোম্পানি হিসেবে পরিচিত ‘এ’ শ্রেণীভুক্ত কোম্পানির শেয়ার। এ ছাড়া সপ্তাহ শেষে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৬৮ কোটি টাকায়, আগের সপ্তাহে যার পরিমাণ ছিল প্রায় ২২৪ কোটি টাকা। গত সপ্তাহে ডিএসইতে শেয়ারের মূল্য আয় অনুপাতের (পিই রেশিও) গড় হার বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৭-এ।চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক গত সপ্তাহ শেষে ১ দশমিক ৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৫৬৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে মোট ২১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২২টি কোম্পানিরই শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮০টির আর অপরিবর্তিত ছিল নয়টির শেয়ারের দাম। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২৪ কোটি টাকায়, যা আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৩ কোটি টাকা বেশি। সেখানকার বাজারে লেনদেনের প্রায় ৭৩ শতাংশজুড়েই ছিল ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে পরিচিত ‘এ’ শ্রেণীভুক্ত কোম্পানির শেয়ার।