ঊল্লম্ফনের ধারায় ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েকদিনের অব্যাহত দরপতনের পর গতকালের মতো আজ সপ্তাহের শেষ দিনেও সূচকের ঊর্ধ্বগতিতে শেষ হল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। গতকাল বুধবার ডিএসইর সাধারণ মূল্যসূচক চার হাজার পয়েন্টের ওপরে চলে আসে। আজ সাধারণ সূচকে আরো ৮৭ পয়েন্ট যোগ হয়েছে। তবে, বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও কমে লেনদেনের পরিমাণ।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৮৭ পয়েন্ট বেড়ে ৪,১৬৪ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে প্রায় ৬৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের তির নিম্নমুখী হয়ে ২০ মিনিটে গতকালের চেয়ে এক পয়েন্ট কমে যায়। সূচকের এভাবে ওঠানামা চলার পর আধা ঘণ্টায় বাড়ে ৪৭ পয়েন্ট। একটু কমে ১১টা ৪৫ মিনিটে সূচক বাড়ার হার দাঁড়ায় ৩৩ পয়েন্ট। এরপর সূচকের তির আবারো ঊর্ধ্বগামী হতে শুরু করে এবং বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে সূচক বাড়ার হার সর্বোচ্চ ১৩৩ পয়েন্ট ছিল। এরপর সূচক বাড়ার হার একটু কমে গেলেও ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয় দিনের লেনদেন।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৮টিরই দাম বাড়ে। কমে মাত্র ২৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ স্টক এক্সচেঞ্জটিতে ১৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে প্রায় ১৬ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, লংকা-বাংলা ফিন্যান্স লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বেক্সিমকো, আফতাব অটোমোবাইলস এবং কেয়া কসমেটিকস।