ঋণ অবলোপন বেড়েছে ৪,১৮৫ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিয়ম ভেঙে দেওয়া ঋণ মন্দ হলেই অবলোপন করে ফেলছে ব্যাংকগুলো। এর মাধ্যমে আর্থিক প্রতিবেদন দৃশ্যত ভালো রাখছে ব্যাংক। ফলে অবলোপন করা ঋণ প্রতিনিয়ত বাড়ছে। গত মার্চ শেষে অবলোপন করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ৪৩৭ কোটি টাকা। শুধু এক বছরে অবলোপন করা ঋণ বেড়েছে ৪ হাজার ১৮৫ কোটি টাকা। ঋণ অবলোপন-সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংকগুলো ঋণ অবলোপন করেছে ৪১ হাজার ৪৩৭ কোটি টাকা। বর্তমানে ব্যাংক খাতে ৫৯ হাজার ৪১১ কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে। এই পরিমাণের সঙ্গে অবলোপন করা অর্থ যোগ করলে প্রকৃত খেলাপি ঋণের চিত্র দাঁড়ায় ১ লাখ ৮৪৮ কোটি টাকা।
অবলোপন করা ঋণ ২০১৫ সালের মার্চ শেষে ছিল ৩৭ হাজার ২৫২ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে অবলোপনকৃত ঋণ বেড়েছে ৪ হাজার ১৮৫ কোটি টাকা। গত সেপ্টেম্বরে অবলোপনকৃত ঋণ ছিল ৩৮ হাজার ২১৯ কোটি টাকা, ডিসেম্বরে অবলোপনকৃত ঋণ হয় ৪১ হাজার ২৩৭ কোটি টাকা।
মন্দ বা ক্ষতিকর মানের খেলাপি ঋণকে স্থিতিপত্র (ব্যালান্স শিট) থেকে বাদ দেওয়াকে ঋণ অবলোপন বলে। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার আলোকে ২০০৩ সাল থেকে ব্যাংকগুলো ঋণ অবলোপন করে আসছে। নীতিমালার আওতায় পাঁচ বছর কিংবা তার বেশি সময় ধরে থাকা খেলাপি ঋণের বিপরীতে শতভাগ প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রেখে তা অবলোপন করা হয়। তবে মন্দ মানে খেলাপি হলেই অবলোপন করার সুযোগ আছে। ঋণ অবলোপন করতে মামলা থাকতে হয় এবং শতভাগ সঞ্চিতি সংরক্ষণ করতে হয়।

আগে মামলা দায়ের না করে ঋণ অবলোপনের কোনো সুযোগ ছিল না। মামলার ব্যয়ের চেয়ে অনেকাংশে বকেয়া ঋণের পরিমাণ কম হওয়ায় মামলা না করেই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ অবলোপনের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক।

অবলোপনের পর ঋণ আদায়ে জোরদার ব্যবস্থা নেওয়ার নিয়ম থাকলেও ঋণ আদায়ে তৎপরতা দেখা যায় না। এ ছাড়া অনিয়মের ঋণগুলো অবলোপন করে দোষীদের আড়ালও করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্যমতে, গত মার্চ পর্যন্ত রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ২২ হাজার ৭৮ কোটি টাকার ঋণ অবলোপন করেছে, যা ২০১৫ সালের মার্চ শেষে ছিল ২০ হাজার ৯৭০ কোটি টাকা। সে হিসাবে এক বছরে ঋণ অবলোপন বেড়েছে ১ হাজার ১০৮ কোটি টাকা।

এ ছাড়া বিশেষায়িত বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে অবলোপন করা হয়েছে ৫৫৫ কোটি টাকা।

গত মার্চ শেষে বেসরকারি ব্যাংকগুলো ১৮ হাজার ৪১ কোটি টাকার ঋণ অবলোপন করেছে, যা ২০১৫ সালের মার্চ শেষে ছিল ১৫ হাজার ২৫০ কোটি টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে বেসরকারি ব্যাংকগুলোতে ঋণ অবলোপন বেড়েছে ২ হাজার ৭৯১ কোটি টাকা। আর বিদেশি ব্যাংকগুলোর অবলোপনকৃত ঋণ দাঁড়িয়েছে ৭৬৪ কোটি টাকা, যা ২০১৫ সালের মার্চ শেষে ছিল ৪৭৬ কোটি টাকা। সে হিসাবে এক বছরে বিদেশি ব্যাংকগুলোতে ২৮৮ কোটি টাকার ঋণ অবলোপন বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সম্প্রতি ব্যাংক খাতে ঋণ বিতরণে বড় যেসব অনিয়ম হয়েছে, তার অনেকাংশই অবলোপন করা হয়েছে। এর মাধ্যমে প্রকৃত দোষীদের আড়াল করা হয়েছে।