ঋণ আদায়ে সরকারি ব্যাংক কর্মকর্তাদের জন্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাপি ও অবলোপন করা ঋণ আদায় করতে পারছে না রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। এ কারণে যেসব কর্মকর্তা বেশি ঋণ আদায় করবেন, তাঁদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নর ফজলে কবির।

গতকাল সোমবার রাতে অগ্রণী ব্যাংকের ৫০০তম পর্ষদ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের পরিচালক গোকুল চাঁদ দাস বলেন, খেলাপি ঋণ আদায় করা যাচ্ছে না। এ কারণে যেসব কর্মকর্তা বেশি ঋণ আদায় করবেন, তাঁদের পুরস্কারের উদ্যোগ নেওয়া যেতে পারে। এর ফলে তাঁরা অনুপ্রাণিত হবেন।

অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির বলেন, ‘বেশি ঋণ আদায় করা কর্মকর্তাদের পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে। আমি এ বিষয়টি নিয়ে কাজ করব।’

তবে এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘কিসের পুরস্কার? ব্যাংকারদের দায়িত্ব ঋণ দিলে তা আদায় করা। এ জন্য তাঁরা মাস ভিত্তিতে বেতন পেয়ে থাকেন। তাঁরা ঋণ আদায় করতে বাধ্য করবেন। এসব ক্ষেত্রে কোনো পুরস্কারের প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘মান্নান সাহেব বলেছেন, পুরস্কার দেওয়া যাবে না। তবে আমার মনে হয়, এমন ব্যবস্থা থাকলে ব্যাংকাররা অনুপ্রাণিত হবেন। গভর্নর বিষয়টি দেখতে পারেন।’

এ সময় গভর্নর ফজলে কবির হ্যাঁসূচক ইঙ্গিত দেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংক পরিচালনা করতে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই, কোনো চাপও নেই। তবে সরকার, ব্যক্তি বা রাজনৈতিক চাপ আসতে পারে, তা নিজ বিবেচনায় মোকাবিলা করতে হবে।’