ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান বেড়েছে
অর্থবছর শেষে ব্যাংক খাতে ঋণ ও আমানতের সুদের হারের মধ্যকার ব্যবধান সামান্য বেড়েছে। ২০১২ সালের জুন মাস শেষে এই ব্যবধান দাঁড়িয়েছে ৫ দশমিক ৬০ শতাংশীয় পয়েন্ট।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া গেছে। এতে আরও দেখা যায়, জুন মাসে ঋণের গড় সুদের হার ছিল ১৩ দশমিক ৭৫ শতাংশ। আর একই সময় আমানতের গড় সুদের হার ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। আমানতের ও ঋণের সুদের হার ভারিত গড় (ওয়েটেড এভারেজ) হিসেবে নির্ণয় করা হয়।পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, ২০১১-১২ অর্থবছরের শুরুতে অর্থাৎ জুলাই মাসে ঋণের সুদহার ছিল ১২ দশমিক ৫৫ শতাংশ। আর আমানতের সুদের হার ছিল ৭ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ সুদহারের ব্যবধান ছিল ৫ দশমিক ৫৩ শতাংশীয় পয়েন্ট। সাধারণত দুটি শতকরা হারের মধ্যকার ব্যবধানকে শতাংশীয় পয়েন্ট হিসেবে উপস্থাপন করা হয়। তবে জটিলতা এড়ানোর জন্য অনেক সময় এটিকে শতাংশ হিসেবেও উল্লেখ করা হয়।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, ২০১০-১১ অর্থবছর শেষে ঋণ ও আমানতের সুদের হারের মধ্যকার ব্যবধান ছিল ৫ দশমিক ১৫ শতাংশ। এই সময়কালে ঋণ ও আমানতের গড় সুদের হার ছিল যথাক্রমে ১২ দশমিক ৪২ ও ৭ দশমিক ২৭ শতাংশ।মুদ্রানীতি কঠোর করার প্রভাবে ব্যাংক খাতে সুদের হার বৃদ্ধি পেয়েছে। তাই আগের বছরের তুলনায় গত অর্থবছর আমানত ও ঋণের গড় সুদের হার বেড়েছে বলে মনে করা হচ্ছে।