ঋণ কেন্দ্রীভূত না করতে নতুন ব্যাংকগুলোকে পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ব্যাংকগুলোর ঋণ যেন গুটি কয়েক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, দেখা যাচ্ছে ১০-১২ জন গ্রাহকের কাছে একেক ব্যাংকের ঋণ কেন্দ্রীভূত হচ্ছে। এমন অবস্থা হলে তা ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ হবে।
নতুন ব্যাংকগুলো বেশি মাত্রায় বাণিজ্য ঋণ দিচ্ছে। মেয়াদি ঋণে বিনিয়োগের পরিমাণ কম। আবার ক্ষেত্রবিশেষে একক গ্রাহকের ঋণসীমাও অতিক্রম হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরামর্শ হলো, কেন্দ্রীয় ব্যাংকের বিধিবিধান মেনে ব্যাংকগুলোকে বিনিয়োগ করতে হবে।
নতুন নয়টি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) নিয়ে গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়।
গভর্নর আতিউর রহমান এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সুর চৌধুরী বলেন, ব্যাংকগুলো এক বছর অতিক্রম করেছে। ঝুঁকির বিষয়গুলোতে সতর্ক হতে হবে। এ পর্যায়ে মানি লন্ডারিং, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ঋণ, বাজার, বৈদেশিক কার্যক্রম পরিচালনাসহ সব ধরনের ঝুঁকি ব্যবস্থাপনাকে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়দায়িত্ব সুনির্দিষ্ট করে বিধিবিধান তৈরি করে রেখেছে। সেগুলো পরিপালনের পাশাপাশি দৈনন্দিন কর্মকাণ্ডে পর্ষদ যেন কোনো ধরনের হস্তক্ষেপ না করে, সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে।
ডেপুটি গভর্নর বলেন, ঝুঁকি এড়াতে প্রথম দিকে বড় ঋণের তুলনায় কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যাংকগুলোকে বেশি বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, এসব ব্যাংকের ওপর পরিচালিত সরেজমিন পরিদর্শনে দু-একটি ত্রুটি ধরা পড়েছে। তা সংশোধনের পাশাপাশি সামনের দিনে ঋণ দেওয়াসহ সর্বক্ষেত্রে সতর্ক হতে বলা হয়েছে। আগামীতে কোনো নিয়মের ব্যত্যয় হলে বাংলাদেশ ব্যাংক কঠোর হবে বলেও তাদের জানানো হয়েছে।
এস কে সুর আরও বলেন, লাইসেন্স দেওয়ার সময় যেসব শর্ত দেওয়া হয়েছিল, তার অগ্রগতি মোটামুটি সন্তোষজনক। তবে ব্যবসার বিষয়টি মাথায় রেখে ব্যাংকগুলো ঢাকা শহরে বেশি শাখা এবং বি ক্যাটাগরির পৌর এলাকায় স্থাপিত শাখা গ্রামীণ শাখা হিসেবে বিবেচনার অনুরোধ জানিয়েছে। সবদিক বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংক তাদের এ দাবির বিষয়টি দেখবে বলে জানানো হয়েছে।
সূত্র জানায়, বৈঠকে ব্যাংকগুলোর দিক থেকে তাদের দক্ষ লোকবলের অভাবের কথা বলা হয়েছে। বিআইবিএম ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে তাদের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করারও দাবি জানানো হয়।
আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, প্রথম বছরে তাদের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তাদের কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংক সন্তোষ প্রকাশ করেছে। তবে ব্যাংকগুলোর নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ ব্যাংক সামনের দিনে আরও ভালো করতে নির্দেশনা দিয়েছে।
সূত্র জানায়, সামগ্রিকভাবে ব্যবসা ভালো না হলেও আমানত বেড়েছে নতুন ব্যাংকগুলোতে। ঋণ বিতরণও হচ্ছে বেশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ পর্যন্ত নতুন নয়টি ব্যাংকে মোট আমানত দাঁড়িয়েছে চার হাজার ৫৮৪ কোটি টাকা। আর তিন হাজার ৩৪৮ কোটি টাকার ঋণ দিয়েছে ব্যাংকগুলো। লাইসেন্স পেয়ে গত বছরের এপ্রিলের শেষ দিক থেকে নতুন ব্যাংকগুলো একে একে কার্যক্রম শুরু করে।