ঋণ বা ডেট সিকিউরিটিজ ছাড়ার ক্ষেত্রে ইস্যুয়ার বা এই সিকিউরিটিজ ছেড়ে ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের ঋণ (প্রস্তাবিত ইস্যুসহ) তার মোট দৃশ্যমান (টেনজিবল) সম্পদের ৬০ শতাংশের বেশি হতে পারবে না। ইসুয়ার প্রতিষ্ঠান বা কোম্পানির মুনাফা অর্জনের ক্ষেত্রে সুনামের অধিকারী হতে হবে। এ ছাড়া ইস্যুকৃত সিকিউরিটিজ একটি ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান দ্বারা মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বাংলাদেশ হিসাবরক্ষণ মান (বিএএস) অনুযায়ী হতে হবে এবং এটা বাংলাদেশ নিরীক্ষা মান (বিএসএ) অনুযায়ী নিরীক্ষিত হতে হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত মঙ্গলবার ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (প্রাইভেট প্লেসমেন্ট অব ডেট সিকিউরিটিজ) রুলস, ২০১২’-এর নির্দেশনা জারি করে। এই নির্দেশনায় এসব বিষয় উঠে এসেছে। এ ক্ষেত্রে এই বিষয়গুলোসহ ১০টি শর্ত জুড়ে দিয়েছে এসইসি।এসইসি সূত্র জানায়, নতুন সিকিউরিটিজ শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার বা ইউনিট বিক্রি করে অর্থ উত্তোলন করে থাকে। এ ক্ষেত্রে কেউ যাতে অনিয়মের আশ্রয় নিতে না পারে, সে লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির সিদ্ধান্ত নেয় এসইসি। গত ১২ সেপ্টেম্বর এসইসির নিয়মিত কমিশন সভায় এ-সংক্রান্ত বিধানে কিছু পরিবর্তন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। পরে তা জনমত যাচাই করা হয়। জনমত যাচাই শেষে গত ১০ অক্টোবর এসইসির ৪৪৮তম কমিশন সভয় আইনটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়, যা গত মঙ্গলবার নির্দেশনা আকারে জারি করে এসইসি।মোটাদাগে ঋণ সিকিউরিটিজ বলতে বিভিন্ন ধরনের আর্থিক উপাদানকে বোঝানো হয়, যেগুলো ব্যবহার করে বাজার থেকে ঋণ গ্রহণ করা যায় এবং যেগুলো দুই পক্ষের মধ্যে লেনদেন করা যায়। এসব উপাদানের মধ্যে আছে বন্ড, ডিবেঞ্চার, কমার্শিয়াল পেপার ইত্যাদি।আর দৃশ্যমান সম্পদ বলতে মোটাদাগে কোনো প্রতিষ্ঠানের সেই ধরনের সম্পদকে বোঝায়, যেগুলোর বাহ্যিক সত্তা বা প্রকাশ আছে। এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে: নগদ অর্থ, যন্ত্রপাতি ও জমি-ভবন।