ঋণ নয়, আমানতের ওপরই ব্যবসাকরছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম আর এফ হোসেন
সেলিম আর এফ হোসেন

এ সপ্তাহের সাক্ষাৎকার: সম্প্রতি বছরের সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ড পেয়েছে আইডিএলসি। প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন 

প্রথম আলো: সম্প্রতি আপনার প্রতিষ্ঠান বছরের সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ড জিতেছে। এই অর্জনকে কীভাবে দেখছেন? এই প্রাপ্তির নেপথ্য কারণই বা কী?

সেলিম আর এফ হোসেন: এটি আমাদের জন্য বিরাট অর্জন, আমাদের কাজের স্বীকৃতি। প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নেওয়ার পথে এই পুরস্কার অন্য রকম এক প্রেরণা হিসেবে কাজ করবে। অন্য অনেক পুরস্কারের চেয়ে এই পুরস্কার আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। এটা আইডিএলসির কর্মীদের উদ্দীপনা বাড়াতে সহায়ক হবে। গ্রাহকদের কাছে আমাদের মর্যাদাও বাড়বে। আসলে ২০১০ সালের পর থেকে আইডিএলসিকে আমরা অন্যরূপে গড়ে তোলার কাজ শুরু করি। ভেতরে-বাইরে প্রতিষ্ঠানটির চিন্তা, পরিচিতিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিই। এ জন্য রি-ব্র্যান্ডিং কার্যক্রম হাতে নিই। এতে সাফল্য আসার জন্যই আমরা এই পুরস্কার জিতেছি বলে মনে হয়। আমাদের আগামীর লক্ষ্য, ২০১৮ সালের মধ্যে ১০ হাজার কোটি টাকার সম্পদ ভিত্তি তৈরি করা। সেই লক্ষ্যপূরণের পথে আমরা বেশ ভালো অবস্থায় রয়েছি। ২০০৯ সালে যেখানে আইডিএলসির সম্পদ ভিত্তি ছিল দুই হাজার ২৬৮ কোটি টাকা, ২০১২ সাল শেষে সেটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন হাজার ৭৭৮ কোটি টাকায়।

প্রথম আলো: আমরা জানি আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হয় সাধারণত ঋণের টাকায়। এই প্রক্রিয়ায় থেকেও কীভাবে আইডিএলসির ব্যবসা এত বড় হয়েছে?

সেলিম হোসেন: এটা ঠিক, বেশির ভাগ আর্থিক প্রতিষ্ঠানই কম সুদে ব্যাংক খাত থেকে টাকা ধার এনে বেশি সুদে বিতরণের মাধ্যমে ব্যবসা করে। দীর্ঘদিন ধরে আইডিএলসিও এভাবে ব্যবসা করেছে। কিন্তু ২০০৯ সালেও সুদের টাকা ও আমানতকারীর টাকার অনুপাত ছিল ৮৫:১৫। কিন্তু ২০১০ সালে আমরা যখন রি-ব্র্যান্ডিংয়ের উদ্যোগ নিই, তখনই আমরা ঠিক করেছি ঋণের পরিবর্তে আমানতের প্রতি বেশি মনোযোগী হব। এ জন্য আমরা একটি শক্তিশালী দল তৈরি করি। এর ফলে এখন আইডিএলসিতে ঋণের চেয়ে আমানতের পরিমাণ বেশি। এখন আমাদের ঋণ ও আমানতের অনুপাত ১৫: ৮৫। ২০১০ সালে প্রতি মাসে গড়ে সাত-আট কোটি টাকার ব্যবসা করত আইডিএলসি। আর এখন প্রতি মাসে শতকোটি টাকার ব্যবসা করে, অর্থায়ন করে ও ঋণ দেয়।

প্রথম আলো: আইডিএলসিতে এখন আমানতের পরিমাণ ও আমানতকারীর সংখ্যা কত? আর কত শতাংশ সুদে আমানত সংগ্রহ করেন আপনারা?

সেলিম হোসেন: ২০০৯ সাল শেষে আমাদের আমানতের পরিমাণ ছিল মাত্র ৯৮০ কোটি টাকা। এখন সেটি বেড়ে হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে আমানতকারীর সংখ্যা ছয় হাজারেরও বেশি। আমানতের বিপরীতে প্রদেয় সুদের হার সময়ে সময়ে পরিবর্তন হলেও অনেক ব্যাংকের চেয়ে আমাদের সুদের হার বেশি। যেহেতু আমরা আর্থিক প্রতিষ্ঠান, তাই আমরা স্বল্পমেয়াদি কোনো আমানত সংগ্রহ করতে পারি না। ন্যূনতম ছয় মাস মেয়াদি আমানত সংগ্রহ করতে হয় আমাদের। এ ক্ষেত্রে ব্যাংকগুলোর সঙ্গে আমাদের প্রতিযোগিতা করতে হয়। আমানত সংগ্রহ কার্যক্রমকে সহজ করতে তাই আমরা প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি করেছি। এতে কাজটি সহজ হয়েছে।

প্রথম আলো: সম্প্রতি নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। তাতে কি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য কোনো সুবিধা রাখা হয়েছে?

সেলিম হোসেন: বাজেটে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা করে কোনো সুযোগ-সুবিধা রাখা হয়নি। দীর্ঘদিন ধরে আমরা সরকারের কাছে বিভিন্ন দাবিদাওয়া করলেও কোনোটিই পূরণ হয়নি। এমনকি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে করের বৈষম্য আজও দূর করা হয়নি।

প্রথম আলো: পুরো বাজেটকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন?

সেলিম হোসেন: আমার কাছে বাজেটের আকার বা পরিকল্পনার চেয়ে বাস্তবায়নটাই গুরুত্বপূর্ণ। আমরা দেখছি, প্রতিবছরই রাজস্ব বাজেট বেড়েই চলেছে। কিন্তু সে অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ডে গতি দেখা যাচ্ছে না। দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন না হলে বছর বছর বাজেটের আকার বাড়িয়ে কোনো লাভ হবে না। উন্নয়ন কর্মকাণ্ড ও  বাজেট বাস্তবায়ন সঠিকভাবে করতে হলে সবার আগে দরকার সরকারি প্রশাসনকে গতিশীল ও দুর্নীতিমুক্ত করা। এর তেমন কোনো উদ্যোগ বাজেটে নেই।

প্রথম আলো:  সাম্প্রতিক সময়ে দেশের আর্থিক খাতে হল-মার্ক, বিসমিল্লাহ গ্রুপের মতো বড় বড় কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। আর্থিক খাতের লোক হিসেবে এসব ঘটনাকে কীভাবে মূল্যায়ন করবেন?

সেলিম হোসেন: প্রাতিষ্ঠানিক সুশাসনের অভাব, আর্থিক খাতে রাজনীতিকীকরণ ও সর্বোপরি ব্যবস্থাপনাজনিত দুর্বলতার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। তাই আর্থিক খাতে কিছুটা আস্থার সংকট তৈরি হয়েছে। একটি প্রতিষ্ঠানের দায় অন্যের ওপরও গিয়ে পড়েছে। যদি রাজনৈতিক বিবেচনায় যোগ্য ও দক্ষ লোককে সঠিক জায়গায় নিয়োগ দেওয়া হতো, তাহলেও রাজনীতিকীকরণ বড় ধরনের কোনো সমস্যা তৈরি করে না।

 [সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন]