ঋণ নিশ্চয়তা কর্মসূচি চালু করবে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক একটি ক্রেডিট গ্যারান্টি স্কিম বা ঋণ-নিশ্চয়তা কর্মসূচি (সিজিএস) নামে একটি তহবিল গঠন করতে যাচ্ছে। দেশে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে (এসএমই) ঋণের ঝুঁকি হ্রাসে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফআইডির সহায়তায় এ কর্মসূচি চালু করা হবে।এসএমই উদ্যোক্তাদের ব্যাংকঋণ নেওয়ার ক্ষেত্রে এই তহবিল গ্যারান্টার বা জামিনদার হিসেবে কাজ করবে। উদ্যোক্তারা প্রকৃত অর্থে ঋণখেলাপি হয়ে পড়লে তখন এ তহবিলের আওতায় তাঁদের ঋণের ৪০ থেকে ৫০ শতাংশ পরিশোধ করা হবে। খবর বাসসের।এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী বলেন, ‘দেশের অনেক ক্ষুদ্র উদ্যোক্তা জামানতের অভাবে ঋণ পাচ্ছেন না। সে জন্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে ব্যাংকও এসব উদ্যোক্তাদের ঋণ প্রদানে সাহস পাচ্ছে না। এ ক্ষেত্রে এই তহবিল উদ্যোক্তার জন্য গ্যারান্টার বা জামিনদার হিসেবে কাজ করবে।’সুকোমল সিংহ চৌধুরী আরও জানান, সিজিএস তহবিল গঠনের লক্ষে ইতিমধ্যে ডিএফআইডির সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে। তারা দুই কোটি পাউন্ড সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে এক কোটি পাউন্ড সিজিএস তহবিল গঠনে ব্যয় করা হবে। আগামী দু-এক মাসের মধ্যে এই তহবিল গঠন করা সম্ভব হবে, এতে ব্যাংকগুলো এসএমই ঋণ প্রদানে উৎসাহিত হবে এবং এই খাতে ঋণ প্রদানের ঝুঁকি কমবে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করে।