ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ না করা উত্তম
২০১০ ও ২০১১ সালে শেয়ারবাজারে ভয়বহ ধসের সময় তাঁরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাঁরা ঋণ নিয়ে বিনিয়োগ করেছেন। তাই ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ না করা উত্তম। একই সঙ্গে সব ধরনের গুজব থেকে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত।আজ শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেইনিং একাডেমিতে শেয়ারবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক আলোচনায় এসব বিষয় উঠে আসে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, ডিএসইর সিনিয়র সহসভাপতি আহমেদ রশিদ লালী ও ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর সভাপতি মো. রকিবুর রহমান।আলোচনায় অংশ নিয়ে আজিজুল ইসলাম বলেন, যেসব বিনিয়োগকারী ঋণ নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করেছিলেন, তাঁরাই ২০১০ ও ২০১১ সালে বাজারে ভয়াবহ ধসে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের ঋণ না নেওয়াই উত্তম।বিনিয়োগকারীদের উদ্দেশে আজিজুল ইসলাম বলেন, পুঁজিবাজারসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা যেতে পারে। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের তিনটি বিষয় বিবেচনা করা উচিত। আর তা হলো—বিনিয়োগ থেকে কী পরিমাণ মুনাফা পাওয়া যাবে তা আগেই বিবেচনা করতে হবে; যেখানে বিনিয়োগ করা হচ্ছে সেখানে ঝুঁকি কতটুকু এবং কত সহজে বিনিয়োগ করা অর্থ নগদ অর্থে রূপান্তর করা যাবে। এসব বিষয় বিবেচনা করে যদি মনে হয় পুঁজিবাজার উত্তম, তবে এখানে বিনিয়োগ করা যেতে পারে। এ ছাড়া কোম্পানির প্রোফাইল, কোম্পানির প্রকৃত সম্পদমূল্য (এনএভি), শেয়ারপ্রতি আয় (ইপিএস), কোম্পানির পূর্বের কর্মকাণ্ড, কোম্পানি পরিচালনায় কারা দায়িত্ব পালন করছেন, কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন, কোম্পানি কোন সেক্টরে উত্পাদন করছে, ক্রেডিট রেটিং আছে কি না, কোম্পানির মার্কেট ঝুঁকি বা পলিসি ঝুঁকি কেমন ইত্যাদি বিষয় বিবেচনা করে পুঁজিবাজারে বিনিয়োগ করা উচিত বলে সাবেক এ উপদেষ্টা মনে করেন।বাংলাদেশের পুঁজিবাজার অত্যন্ত সংবেদনশীল। তাই যেকোনো সংবাদ পরিবেশনে অসামঞ্জস্য দূর করে সঠিক তথ্য পরিবেশনের ওপর জোর দেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, বিভিন্ন ইস্যু সামনে নিয়ে বাজারে গুজব ছড়ানো হয় এবং বাজারকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। এর মাধ্যমে এক শ্রেণীর লোক বাজার থেকে ফায়দা লুটে নেন। সুতরাং যেকোনো গুজব থেকে সতর্ক থাকতে হবে।তিনি আরও বলেন, কয়েক দিন আগে পদ্মা সেতু নিয়ে বাজারে গুজব ছড়িয়ে পড়ে। তিনি বলেন, এই মুহূর্তেই পদ্মা সেতুর বিষয়টি বাজারে প্রভাব সৃষ্টি করার কথা নয়। পরবর্তী সময় বাজারে এর প্রভাব পড়তে পারে। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বাজারে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি। ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, সম্প্রতি ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারের দাম সেভাবে বাড়ছে না, যেমনভাবে তুলনামূলকভাবে দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ারের দাম বাড়ছে। পুঁজিবাজরে ভয়াবহ ধসের পর বিনিয়োগকারীরা এখনো এ বিষয়ে সতর্ক হচ্ছে না।ফারুক আহমেদ সিদ্দিকী টিভি সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, প্রত্যেকের উচিত সিকিউরিটিজ আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা। এ ক্ষেত্রে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও, মূল্য নির্ধারণ, রাইট শেয়ার ইস্যু, রাইট শেয়ারের ক্ষেত্রে প্রিমিয়াম নেওয়া এবং মূল্য সংবেদনশীল তথ্য-সম্পর্কিত বিধিবিধান কী আছে, তা জানতে হবে। এটা জানা থাকলে কেউ বাজারে আইন ভঙ্গ করে কারসাজি করছে কি না, সহজে ধরা সম্ভব হবে। পরবর্তী সময় আদালতে গেলেও নির্দিষ্টভাবে তাদের ধরে আইনের আওতায় আনা সহজ হবে। এ ছাড়া ব্যাংকিং আইন, লাইফ ইনস্যুরেন্স আইন, ইনস্যুরেন্স আইন, ট্যাক্স আইন সম্পর্কেও স্বচ্ছ ধারণা থাকা দরকার বলে মনে করেন তিনি। বাজারে ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে, এমন মন্তব্য না করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।