ঋণ নয়, বিনিয়োগ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে ঋণ না দিয়ে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‘বিভিন্ন দেশে গত বছর ৮ হাজার ৪০০ কোটি ডলারের বিনিয়োগ করেছে চীন। তবে বাংলাদেশে বিনিয়োগ আসেনি। এসেছে ঋণসহায়তা।’ তিনি আরও বলেন, ‘মেহেরবানি করে বাংলাদেশে বিনিয়োগ করুন। আপনারা লাভবান হবেন। আমাদেরও লাভবান হওয়ার সুযোগ দিন।’
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী চায়না জিঝিয়াং-বাংলাদেশ বিনিয়োগ ও ব্যবসা সম্মেলনে এসব কথা বলেন মুস্তফা কামাল। তাঁর পাশাপাশি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিওআই নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ ও এফবিসিসিআইয়ের নেতারা চীনা ব্যবসায়ীদের সামনে দেশের সম্ভাবনা ও সুযোগ-সুবিধা তুলে ধরে বিনিয়োগের আহ্বান জানান। একইভাবে চীনের একজন উপমন্ত্রী ও ব্যবসায়ী নেতা বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়ে তাঁদের আগ্রহের কথা জানান। এ দেশের ব্যবসায়ীদেরও চীনে বিনিয়োগ করতে বলেন তাঁরা।
চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) জেজিয়াং প্রভিন্সিয়াল কমিটি এবং দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে। সহ-আয়োজক ছিল জেজিয়াং চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্স। বিনিয়োগ বোর্ড, বাংলাদেশ (বিওআই) এবং বাংলাদেশে চীনের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর অফিস এ আয়োজনে সহায়তা করেছে।
এফবিসিসিআইয়ের আমন্ত্রণে চীনের ১২০ জন ব্যবসায়ীর একটি প্রতিনিধিদল গত বুধবার বাংলাদেশ সফরে এসেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন চীনের উপমন্ত্রী চ্যান হুয়ানহুয়া। আজ শুক্রবার প্রতিনিধিদলের বাংলাদেশ সফর শেষ হবে বলে জানা গেছে।
চীনা ব্যবসায়ীদের উদ্দেশে মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করলে জমির মালিকানা পাবেন। পৃথিবীর অন্য কোনো দেশ এ সুবিধা না দিলেও আমরা দিচ্ছি।’ এ ছাড়া এখানে কারখানা স্থাপন করে বিদেশে পণ্য রপ্তানি করলে আজীবন করমুক্ত সুবিধা পাবেন বলে জানান তিনি।
সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নের জন্য গ্যাস-বিদ্যুৎ খাতের ওপর গুরুত্ব দিতে হবে। এখানে চার হাজার কোটি ডলারের বিনিয়োগের সুযোগ আছে বলে মন্তব্য করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘দেশে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল নির্মাণ ও গ্যাস পাইপলাইনের উন্নয়ন করতে হবে। শুধু এলএনজি নয়, ২০২১ সালের লক্ষ্য অর্জনে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগবে। সেই হিসাবে আরও ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে। ফলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ লাইনে প্রচুর বিনিয়োগের দরকার। এ জন্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সরকার দীর্ঘদিনের চুক্তি করতে রাজি আছে।’ এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতেও বিনিয়োগের আহ্বান জানান তিনি।
সিপিপিসিসি জেজিয়াং কমিটির ভাইসওমেন ও চীনের উপমন্ত্রী চ্যান হুয়ানহুয়া বলেন, চীনের বস্ত্র, পোশাক, যন্ত্রপাতি, কৃষি, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানিসহ অবকাঠামো খাতের ব্যবসায়ীরা সম্মেলনে এসেছেন। তাঁরা বাংলাদেশে বিভিন্ন খাতের বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চান। একই সঙ্গে তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের সামনে ঝিজিয়াংয়ে বস্ত্র, পোশাক, ওষুধ ও ইলেকট্রনিক খাতের বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, ঝিজিয়াংয়ে নতুনভাবে উন্নয়ন হচ্ছে।
বাংলাদেশে চীনা দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর ওয়াং জিজিয়ান বলেন, ‘বাংলাদেশ সরকার বলেছে, চীনা ব্যবসায়ীদের জন্য দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইপিজেড) দেবে। তাই আমাদের দেশের ব্যবসায়ীরা সেখানেই প্রথম বিনিয়োগ করতে আগ্রহী।’
আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সিসিপিআইটি ঝিজিয়াংয়ের চেয়ারওমেন উ গুয়েয়িন প্রমুখ।
সম্মেলনের শেষ পর্বে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একান্ত আলোচনা হয়। এ আলোচনায় চীনা ব্যবসায়ীরা যেসব খাতে একক ও যৌথ বিনিয়োগ করতে চান, সেসব নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তা হয়। তার আগে ঝিজিয়াং চেম্বার ও বিওআই এবং ঝিজিয়াং ও এফবিসিসিআইয়ের মধ্যে ব্যবসা ও বিনিয়োগে সহায়তার বিষয়ে দুটি চুক্তি হয়।