ঋণ পরিশোধের সময় বৃদ্ধির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি উৎসাহিত করতে গঠিত রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে দেওয়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন বস্ত্রশিল্প মালিকেরা। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত ‘ইডিএফ’ নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে গতকাল শনিবার এ দাবি জানানো হয়।
বিটিএমএর সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কাজী সাইদুর রহমান। বিটিএমএর সাবেক সভাপতি মতিন চৌধুরীসহ বিভিন্ন ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বক্তব্য দেন।
রপ্তানিকারকেরা বলেন, আগে বস্ত্র রপ্তানির ক্ষেত্রে সময় কিছুটা কম লাগত। উৎপাদন প্রক্রিয়ায় নতুন কিছু ধাপ যুক্ত হওয়ায় এখন সময় বেশি লাগে। এ কারণে ইডিএফ থেকে নেওয়া অর্থ পরিশোধের সময়সীমা বাড়ানো দরকার।
তহবিলের ঋণের সাধারণ মেয়াদ হচ্ছে ১৮০ দিন বা ছয় মাস। তবে বিশেষ প্রয়োজনে এ সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়ে ২৭০ দিন করার সুযোগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ সেমিনারেই দাবি পূরণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।
তপন চৌধুরী বলেন, ইডিএফ থেকে কোনো কোনো সুতাকল মালিক ঋণ নিয়েছেন। কিন্তু তহবিলটি সম্পর্কে সচেতনতা ও জ্ঞানের অভাবে অনেক সদস্যই তা নিতে পারেননি।
বর্তমানে এ তহবিল থেকে রপ্তানিকারকেরা দেড় কোটি মার্কিন ডলার পর্যন্ত ঋণ পেয়ে থাকেন। এ সীমা দুই কোটি ডলারে উন্নীত করার দাবি জানান তপন চৌধুরী।