ঋণ পাবেন প্লাস্টিক পণ্যের উদ্যোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইসলামবাগ ও এর আশপাশের এলাকার প্লাস্টিকপণ্য প্রস্তুতকারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) পাঁচ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। উদ্যোক্তারা এই ঋণ পাবেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মাধ্যমে। তাঁরা এই অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানটি থেকে ৯ শতাংশ সুদে সহজ শর্তে ঋণ নিতে পারবেন। এ লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মধ্যে গতকাল বৃহস্পতিবার একটি প্রাক-অর্থায়ন চুক্তি সই হয়েছে। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ইহসানুল করিম এবং আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন চুক্তিতে সই করেন।
ইসলামবাগের প্লাস্টিক খাতের উদ্যোক্তাদের এর আগেও আইডিএলসির মাধ্যমে ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন। তখন সেখানকার ৩৫ জন উদ্যোক্তাকে তিন কোটি টাকা ঋণ দেওয়া হয়।
এসএমই ফাউন্ডেশন ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায় এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানের ১০টি ক্লাস্টারের ৮০০ ক্ষুদ্র উদ্যোক্তাকে ৩৫ কোটি টাকা ঋণ দিয়েছে।
বিজ্ঞপ্তি