বাংলাদেশের অংশ হয়ে যাওয়া ১১১টি ছিটমহলের বাসিন্দারা এখন বাংলাদেশি ব্যাংক থেকে ঋণ পাবেন।
কৃষিকাজের সঙ্গে জড়িত সাবেক ছিটমহলবাসীরা পাবেন কৃষিঋণ। আর ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়তে ইচ্ছুক বাসিন্দারা নিতে পারবেন এসএমই ঋণ।
দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের গত রোববার এমন নির্দেশই দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য পৃথক দুটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
এসব সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়িত হওয়ায় ১১১টি ছিটমহল এখন বাংলাদেশের ভূখণ্ডের অংশ। এই অঞ্চলের মানুষের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত, দেশের অন্যান্য স্থানের মতো এখানকার মানুষের অধিকার নিশ্চিত এবং কৃষি কার্যক্রম সম্প্রসারণে তাঁদের মধ্যে কৃষিঋণ বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৭ জুলাই জারি হওয়া কৃষি ও পল্লিঋণ নীতিমালা অনুযায়ী এই এলাকার বাসিন্দাদের কৃষিঋণ বিতরণ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আরেক মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এই অঞ্চলের বাসিন্দাদের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পঋণ বিতরণের মাধ্যমে অর্থনীতির মূলধারায় আনা এবং তাঁদের সম্ভাবনাময় উদ্যোগগুলো বিকশিত করা প্রয়োজন। সে কারণে বিদ্যমান এসএমই অর্থায়ন নীতিমালার আলোকে সদ্য বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এই উদ্যোক্তাদের এসএমই ঋণ দিতে হবে।
ভারত ও বাংলাদেশের মধ্যে গত শুক্রবার মধ্যরাতে ১৬২টি ছিটমহল বিনিময় হয়। বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহল (১৭ হাজার ১৬০ একর) হয়ে যায় বাংলাদেশের অংশ। এই ছিটমহলে ৩৭ হাজার ৩৩৪ জন ভারতীয় বাস করেন। তাঁদের মধ্যে ৯৭৯ জন ভারতে ফিরে যেতে চান। তাঁদের ছাড়া সবাই এখন বাংলাদেশের নাগরিক। নাগরিকত্ব পাওয়া সবাই এখন বাংলাদেশি ব্যাংক থেকে ঋণ পাবেন।
এদিকে ছিটমহলবাসীর জন্যও ১০ টাকার ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব এলাকার অধিবাসীদের বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন সুবিধা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার আলাদা আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সব ব্যাংককে এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।