ঋণ পেতে ইটিপি বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণগ্রহীতা কারখানায় বর্জ্য শোধনাগার—ইটিপি স্থাপন ও তা সব সময় চালু রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। এমনকি নতুন করে কোনো প্রতিষ্ঠান ঋণ নিতে চাইলে সে ক্ষেত্রেও ইটিপি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় পরিবেশ কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় সব ঋণগ্রহীতা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে ইটিপি স্থাপন ও সব সময় তা চালু করার বিষয়টি নিশ্চিত করবে। বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সব ধরনের অর্থায়নের ক্ষেত্রে এ নির্দেশনা পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া এ নির্দেশনা বিদ্যমান সব অর্থায়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারা ও আর্থিক প্রতিষ্ঠান আইনের ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।