ঋণ পেতে হয়রানি হলে ফোন করুন ১৬২৩৬ নম্বরে
ঋণ পাওয়া নিয়ে অহেতুক হয়রানির শিকার হলে ১৬২৩৬ নম্বরে ফোন করে বাংলাদেশ ব্যাংকের সহায়তা ডেস্কে জানানোর জন্য ভুক্তভোগী উদ্যোক্তাদের অনুরোধ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
আজ রোববার এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট ও পলিসির উদ্যোগে আয়োজিত সরকারি-বেসরকারি সংলাপে এস কে সুর চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণের আবেদন ফরম সহজ করা এবং জেলা পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের এসএমই উন্নয়ন সংক্রান্ত সভায় স্থানীয় উইমেন চেম্বার বা উইমেন বিজনেস ফোরামের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে।
সংলাপে আর্থিক ব্যবস্থাপনায় নারী উদ্যোক্তাদের প্রবেশগম্যতা সহজ করার জন্য বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগের কথা তুলে ধরেন ব্যাংকের নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিটের উপমহাব্যবস্থাপক ওয়াহিদা নাসরিন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নারী উদ্যোক্তা সহায়ক কার্যক্রমের কারণে ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে দেশে নতুন নারী উদ্যোক্তা তৈরির হার প্রায় তিন গুণ বেড়েছে। ব্যাংকের প্রত্যেক শাখায় নারী উদ্যোক্তাদের সহায়তা করার জন্য ডেস্ক স্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আলোচনায় অংশগ্রহণকারী চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা মহিলা চেম্বার ও বিজনেস ফোরামের নেতারা ব্যাংক ঋণ পেতে নারী উদ্যোক্তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা স্বত্বেও স্থানীয়ভাবে নারী উদ্যোক্তাদের ঋণদানে সহায়তা করতে ব্যাংকগুলোর অনীহা দেখিয়ে থাকে এবং অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য দীর্ঘ সময়ক্ষেপণ করে থাকে।
চট্টগ্রাম উইমেন চেম্বারের একজন পরিচালক বলেন, তাদের এক সদস্যকে আবেদনের তিন মাস পরে ‘তার বয়স নেই, তাই ঋণ দেওয়া সম্ভব নয়’ বলে জানানো হয়। তিনি অভিযোগ করেন, বয়সের ব্যাপারটি প্রথম দিনেই জানিয়ে দেওয়া যেত। বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচির মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় বলেন, নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও নির্দেশনার ব্যাপারে মাঠ পর্যায়ে আরও সচেতনতা বাড়ানো প্রয়োজন।
অংশগ্রহণকারী উদ্যোক্তারা নারী উদ্যোক্তাদের জন্য ঋণের সুদের হার এক অঙ্কের ঘরে (১০ শতাংশের নিচে) রাখার জন্য অনুরোধ করেন। সেন্টার অন বাজেট ও পলিসি-এর পরিচালক অধ্যাপক আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে স্থানীয় নারী উদ্যোক্তা ছাড়াও এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সারা এল টেইলর, এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশের কর্মসূচি পরিচালক নজরুল ইসলাম, প্রোগ্রাম সমন্বয়কারী শরিফা খাতুন প্রমুখ বক্তব্য দেন।