ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদান প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা। একই সঙ্গে তাঁরা হয়রানি ছাড়া ঋণপ্রাপ্তি নিশ্চিত করারও অনুরোধ জানিয়েছেন। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট সম্মেলনে এসব দাবি জানান উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংকের আয়োজনে সম্মেলনে কয়েক শ নারী উদ্যোক্তা অংশ নেন। নারী উদ্যোক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি নারী উদ্যোক্তাদের জন্য সিটি করপোরেশন এলাকায় উইমেন মার্কেট করে তাঁদের উৎপাদিত পণ্যগুলো বিক্রয় ও প্রদর্শনীর ব্যবস্থা করার ওপর জোর দেন।
সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আলী রেজা ইফতেখার প্রমুখ।
বাসস