ব্যাংকের খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করতে হলে ঋণ দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আর হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে। ব্যাংকের ঋণখেলাপি নিয়ে এক সংলাপে বক্তরা এসব অভিমত ব্যক্ত করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত এই সংলাপের আয়োজন করে ব্র্যাক বিজনেস স্কুল এবং ফিন্যান্সিয়াল এক্সিল্যান্স লিমিটেড। এতে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা এ বি মো. আজিজুল ইসলাম। মূল প্রবন্ধ পাঠ করেন ব্র্যাক বিজনেস স্কুলের পরিচালক মামুন রশীদ।সংলাপে প্রধান অতিথির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান জানান, হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় অবাক হওয়ার কিছু নেই। কারণ ব্যাংকব্যবস্থা সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু নয়। আসলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে ব্যাংকের অনিয়ম বন্ধ করা যাবে না।আকবর আলি খান আরও বলেন, দেশের এতগুলো বাণিজ্যিক ব্যাংকের তদারকির জন্য একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। কিন্তু একাধিক নিয়ন্ত্রক সংস্থা করা না গেলে সব ক্ষেত্রে সঠিকভাবে তদারকি করা যাবে না। আমেরিকায় একাধিক নিয়ন্ত্রণ সংস্থা আছে বলে উল্লেখ করেন তিনি। মির্জ্জা আজিজ বলেন, ব্যাংকব্যবস্থায় তদারকিতে মারাত্মক দুর্বলতা আছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এগুলো কমানো যাবে না। নীতি-নৈতিকতা ছাড়া শুধু আইন দিয়ে এ ধরনের কেলেঙ্কারি বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত জানান, হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় জুনিয়র কর্মকর্তাদের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে। কিন্তু এই ঘটনার সঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তা জড়িত আছেন। কারণ রাঘব বোয়ালেরা জড়িত না হলে এই মাত্রার চুরি সম্ভব নয়।সোনালী ব্যাংকের সাবেক পরিচালক এ এফ নেছার উদ্দিন হলমার্ককে ঋণখেলাপি না বলে ঠকবাজ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা ভেঙে পড়ার কারণেই এমনটা হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ব্যাংক কর্মকর্তাদের দুর্নীতি। সংলাপে আরও বক্তব্য দেন ফিনএক্সেলের উপদেষ্টা মো. এহসানুল হক, অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ন্যাশনাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়াজ আহমেদ, সমকাল-এর সহযোগী সম্পাদক অজয় দাশ গুপ্ত, ব্যাংক এশিয়ার কর্মকর্তা শরিফুল ইসলাম খান, সাবেক ব্যাংকার মো. নুরুল হক মজুমদার প্রমুখ।