ঋণ বিকেন্দ্রীকরণ করতে চায় প্রাইম ব্যাংক
ঋণ বিকেন্দ্রীকরণের পাশাপাশি নতুন স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে চায় বেসরকারি খাতের প্রাইম ব্যাংক। এ ছাড়া শ্রেণিকৃত ঋণ ৫ শতাংশের নিচে রেখে ঋণ মান স্টান্ডার্ড মানে রাখতে চায় ব্যাংকটি। আজ শনিবার দুপুরে প্রাইম ব্যাংকের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন বছরের জন্য এসব লক্ষ্য তুলে ধরেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংক খাতে যে সাইবার আক্রমণ হয়েছে তা রোধে যথাযথ পদক্ষেপ নিয়েছে প্রাইম ব্যাংক। চলতি বছরে অনলাইন নিরাপত্তা জোরদারে ব্যাংকগুলোকে বিনিয়োগ বাড়াতে হবে। এ জন্য অন্য খাতে খরচ কমানোর সময় এসেছে।
সংবাদ সম্মেলনে আহমেদ কামাল খান চৌধুরী ব্যাংকের সফলতা, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মকৌশল সম্পর্কে ব্যাখ্যা করেন। পাশাপাশি তিনি প্রাইম ব্যাংকের বর্তমান অবস্থানে আসার জন্য শেয়ার হোল্ডার, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকগণ-হাবিবুর রহমান, রাহেল আহমেদ, মো. তৌহিদুল আলম খান, আহমেদ শাহীন, সৈয়দ ফরিদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।