ঋণ বিতরণে অনিয়ম হলে কঠোর হবে কেন্দ্রীয় ব্যাংক
ঋণ বিতরণে নিয়মশৃঙ্খলা সঠিকভাবে মানা না হলে বাংলাদেশ ব্যাংক তার তত্ত্বাবধানের হাত শক্তভাবে প্রসারিত করতে দ্বিধা করবে না।তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত ব্যাংকার্স বৈঠকে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ কথা বলেন। গভর্নরের লিখিত বক্তব্য দেওয়া হয়েছে গণমাধ্যমে।গভর্নর বলেন, ব্যাংকগুলো কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সুবিবেচনাপ্রসূত নিয়ন্ত্রণ বিধি যথাযথভাবে পরিচালন করছে না। ঋণ দেওয়ার আগে সিআইবি প্রতিবেদন নেওয়া বাধ্যতামূলক হলেও কোনো কোনো গ্রাহকের হালনাগাদ প্রতিবেদন সংগ্রহ না করেই ঋণ দেওয়া হয়েছে। আতিউর রহমান বলেন, আদালতের স্থগিতাদেশের ক্ষেত্রে ব্যাংক বিবাদী হলেও এসব মামলা নিষ্পত্তীকরণে প্রায়ই ব্যাংকগুলোকে জোরালো কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না।গভর্নর বৈঠকে আরও বলেন, সামগ্রিক রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিশ্বমন্দার প্রভাবে ঋণের প্রবৃদ্ধি কমছে। তবে ঋণ শ্রেণীকরণের নতুন নীতিমালার অজুহাতে ঋণ দেওয়া বন্ধ করা যাবে না। মনে রাখতে হবে, খেলাপি ঋণ গ্রহীতার সংজ্ঞায় কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই মেয়াদোত্তীর্ণের ছয় মাস পার হলে তিনি খেলাপি হবেন।