ঋণ বিতরণে ঘুষ চাওয়ায় পূবালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে
পূবালী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদর শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে ঋণ বিতরণের ক্ষেত্রে উৎকোচ দাবি করার অভিযোগে তদন্ত হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ঋণ প্রত্যাশী একাধিক ব্যবসায়ীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।ব্যাংকের মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মামুন বখত মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়ীদের অভিযোগ পেয়েছি। দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে যোগাযোগ করা হলে পূবালী ব্যাংকের জুড়ী শাখার ব্যবস্থাপক মো. সাইফুদ্দিন অভিযোগ অস্বীকার করেছেন। জানা গেছে, উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজার এলাকার কাঁচামালের আড়তদার ও পূবালী ব্যাংকের গ্রাহক আবদুর রাজ্জাক (চলতি হিসাব নম্বর-৬৭৫) এসএমই ঋণ পেতে প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যবস্থাপক বরাবর মাস পাঁচেক আগে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থাপক তাঁর কাছে খরচাপাতি হিসেবে প্রতি লাখে চার-পাঁচ হাজার টাকা উৎকোচ দাবি করেন। একই ধরনের অভিযোগ করেন, কলেজ সড়কের ওয়েছ ইঞ্জিনিয়ারিংয়ের মালিক ওয়েছ আহমদ (চলতি হিসাব নম্বর-৪৫৯) ও বড় মসজিদ সড়কের হাবিব পোলট্রি ফিড অ্যান্ড চিকেসর মালিক মো. খলিলুর রহমান (চলতি হিসাব নম্বর-৫৪০)। ব্যবসায়ীদের অভিযোগ, উৎকোচ দিতে রাজি না হওয়ায় ব্যবস্থাপক তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন।ব্যবসায়ীরা গত সোমবার ব্যাংকের মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপকের বরাবর লিখিত অভিযোগ করেন।