ঋণ মওকুফের তালিকা আদালতে দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ মওকুফ পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা চেয়েছেন আদালত। গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিপরীতে কী পরিমাণ ঋণ মওকুফ করা হয়েছে, তাদের নাম ও অর্থের পরিমাণ উল্লেখ করে তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঋণ মওকুফ-সুবিধা পাওয়ার পর নতুন করে ঋণসুবিধা দেওয়ার বিবরণী দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। হলফনামা আকারে ৩০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এসব তথ্য জানাতে বলা হয়েছে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন। ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান বুধবার এ তথ্য জানান।
রুলে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ২৮(১) ধারার ‘ঋণ বা উহার অংশ মওকুফ’ এবং ক্ষমতাসংক্রান্ত ৪৯ (চ) উপধারার ‘ঋণ মওকুফ’ অংশ সংবিধানের ১৯, ২৬, ২৭ এবং ৩১ অনুচ্ছেদের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
অর্থসচিব, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিব, আইনসচিব (আইন ও বিচার বিভাগের), বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ এবং বাংলাদেশ ব্যাংকের জিএমকে (ব্যাংকিং অপারেশন) এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ২ এপ্রিল পরবর্তী আদেশের জন্য বিষয়টি তালিকায় আসবে। আদেশের অনুলিপি বিশেষ বার্তাবাহকের মাধ্যমে পৌঁছাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।