ঋণ শ্রেণীকরণ না করতে গভর্নরকে চিঠি দিয়েছে এফবিসিসিআই
চলমান রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনৈতিক পরিবেশ অনুকূল না হওয়া পর্যন্ত ব্যাংকঋণ শ্রেণীকরণ (খেলাপি) করা যাবে না। এ সময়ে কোনো ঋণের সুদও ধার্য করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে চিঠি দিয়ে এ দাবি জানিয়েছে শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআই।
এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ গতকাল বুধবার গভর্নরকে এই চিঠিটি দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি উন্নত হওয়ার সম্ভাবনা সৃষ্টি না হওয়ায় বাণিজ্যিক ও অর্থনৈতিক কার্যক্রমে চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এ জন্য উদ্যোক্তা ও ব্যবসায়ীরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। ব্যবসায়ী ও শিল্পপতিরা ব্যাংকিং কার্যক্রমও করতে পারছেন না। তাঁদের পক্ষে ঋণ হিসাব পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এফবিসিসিআই পরিচালনা পর্ষদের জরুরি সভায় গত মঙ্গলবার গভর্নরকে এই চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। ওই দিন সভা শেষে সংগঠনের সহসভাপতি হেলাল উদ্দিন এ তথ্য সাংবাদিকদের জানিয়েছিলেন।
হেলাল উদ্দিন জানান, ঋণ শ্রেণীকরণ বন্ধ রাখা, সুদ ধার্য না করা এবং পরে সুদ মওকুফের বিষয় নিয়ে তাঁরা সরকার ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করবেন।