ঋণ শ্রেণীকরণ নিয়ে নতুন নির্দেশনা বাতিলের দাবি এফবিসিসিআইয়ের
ব্যাংকঋণের শ্রেণীবিন্যাস, ঋণ পুনঃ তফসিলীকরণ এবং এককালীন জমার (ডাউন পেমেন্ট) বিষয়ে বাংলাদেশ ব্যাংক নতুন যে নির্দেশনা জারি করেছে, তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।দেশের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন মনে করছে, নতুন এই নিয়ম চালুর ফলে দেশের রপ্তানিসহ যেকোনো ব্যবসা-বাণিজ্য সচল রাখা সম্ভব হবে না।এফবিসিসিআই থেকে গতকাল মঙ্গলবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনাসংক্রান্ত সার্কুলার প্রত্যাহারের দাবি জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে ১৪ জুন দুটি সার্কুলার (০৭ ও ০৮) জারি করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ঋণ বিভিন্ন পর্যায়ে শ্রেণীকরণের সময়সীমা তিন মাস করে কমিয়ে দেওয়া হয়েছে। যেমন, এই নির্দেশনার ফলে এখন থেকে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার পর তিন মাস অতিক্রান্ত হলে নিম্নমানে ঋণটি শ্রেণীকৃত হবে। এত দিন ছয় মাস পূর্ণ না হওয়া পর্যন্ত এই নিম্নমান পর্যায়ে শ্রেণীকৃত হতো না। আবার নতুন নিয়মে ঋণ পুনঃ তফসিলীকরণের ক্ষেত্রে সব ধরনের ঋণের পুনঃ তফসিল করার মেয়াদ ও সংখ্যা সুনির্দিষ্ট করা হয়েছে। নতুন এই নীতিমালায় কোনো ঋণ সর্বোচ্চ তিনবার পুনঃ তফসিল করা যাবে। আর এই তিনবার পুনঃ তফসিলের ক্ষেত্রে কোন অবস্থায় শ্রেণীকৃত করা হয়েছে, সেটার সাপেক্ষে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এফবিসিসিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঋণসংকটে ইউরোপের দেশগুলো চরম অর্থনৈতিক মন্দায় আক্রান্ত। ফলে সেসব দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ কমেছে। এতে রপ্তানিমুখী শিল্প খাতগুলো সংকটে পড়ছে। এ ছাড়া তীব্র জ্বালানি-সংকট, মুদ্রা সংকোচন নীতি, ব্যাংক থেকে সরকারের অতিমাত্রায় ঋণ নেওয়ার কারণে সৃষ্ট তারল্যসংকট এবং ঋণের উচ্চ সুদহার দেশের পুরো বিনিয়োগব্যবস্থাকে সংকটে ফেলেছে। সংকুচিত মুদ্রানীতির কারণে একদিকে নতুন বিনিয়োগ হচ্ছে না, অন্যদিকে জ্বালানির অপর্যাপ্ততার কারণে বিদ্যমান সক্ষমতা অনুযায়ী উৎপাদনশীল খাত সচল রাখা যাচ্ছে না। এতে কর্মসংস্থান বিপর্যস্ত হয়ে পড়ছে এবং বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। এফবিসিসিআই বলছে, এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের নতুন এই সার্কুলার জারি হওয়ায় সব ধরনের শিল্প খাত স্থবির হয়ে পড়বে। এতে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। তাই আন্তর্জাতিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের এসব সার্কুলার প্রত্যাহার করে আগের সার্কুলার বহাল করার দাবি জানায় সংগঠনটি।