‘এগুলো আন্তর্জাতিকভাবে সর্বোত্তম চর্চা’
ঋণ শ্রেণীকরণে নতুন নির্দেশনা সঠিক মনে করেন বিশেষজ্ঞরা
নারায়ণগঞ্জের আলোচিত-সমালোচিত ব্যবসায়ী ফজলুর রহমান রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক থেকে ১৩ বারের মতো তাঁর একটা খেলাপি ঋণ পুনঃ তফসিল করিয়েছেন।এটা সম্ভব হয়েছিল আইন ও বিধিবিধানের সীমাবদ্ধতার কারণে এবং রাজনৈতিক প্রভাবে। এর সঙ্গে ছিল ব্যাংকের কিছু কূটকৌশল। যেমন, খেলাপি হওয়ার আগে ঋণটি পুনর্গঠন করে নেওয়া।সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক নির্দেশে খেলাপি ঋণ কোনোভাবেই তিনবারের বেশি পুনঃ তফসিল করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নের কিছু ক্ষেত্রে বিশেষত ব্যাংকে শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ বা এবিবি আপত্তি তুলেছে।একাধিক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন, নতুন নিয়ম বাস্তবায়ন করা হলে তাঁদের মুনাফা কমে যাবে। ঋণের বিপরীতে বেশি নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) রাখতে গিয়ে তাঁদের ঋণযোগ্য তহবিল কমে যাবে। তবে তাও তাঁরা করতে চান, কিন্তু এর জন্য কিছু সময় দিতে হবে।অন্যদিকে ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন বলছে, তিনবারের বেশি খেলাপি ঋণ পুনঃ তফসিলি করার সুযোগ না থাকলে তা ব্যবসায়ে ক্ষতি হবে। নতুন নির্দেশনা অনুসারে, তিনবার পুনঃ তফসিল করার পরও যদি গ্রাহক সময়মতো তা পরিশোধে ব্যর্থ হন, তাহলে তাঁকে ‘অভ্যাসগত ঋণ খেলাপি’ হিসেবে বিবেচনা করা হবে।১৩ বার ফজলুর রহমান যে একটি ঋণ পুনঃ তফসিল করাতে পেরেছিলেন, তার কারণ প্রচলিত বিধিবিধানে কতবার ঋণ পুনঃ তফসিল করা যাবে, তা নির্দিষ্ট ছিল না। বলা ছিল, বাস্তবসম্মত সময়ের জন্য ঋণ পুনঃ তফসিল হবে। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে বিগত বিএনপি সরকারের আমলে গঠিত ‘খেলাপি ঋণসংক্রান্ত ব্যাংক সংস্কার কমিটি’ তাদের প্রস্তাবে তৃতীয় ধাপে খেলাপি ঋণ পুনঃ তফসিল করার ক্ষেত্রে ৫০ ভাগ এককালীন জমা রাখার সুপারিশ করেছিল। এই কমিটির সদস্য ছিলেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন ডেপুটি গভর্নর নজরুল হুদা। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘সংস্কার কমিটি এ জন্যই তৃতীয় দফা ঋণ পুনঃ তফসিলে ৫০ শতাংশ এককালীন জমার কথা বলেছিল, যেন তা চতুর্থবার আর করার সুযোগ না থাকে। কেননা প্রথম দুবার আর তৃতীয়বার মিলে প্রায় পুরো ঋণটাই আদায় হয়ে যায়।’৩৫ বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন নজরুল হুদা জানান, ’৮৯ সালে কেন্দ্রীয় ব্যাংকের বিসিডি সার্কুলার ৩৩ ও ৩৪ নির্দেশনাতে ঋণ শ্রেণীকরণ করা হয়েছিল তিন মাস, ছয় মাস ও এক বছরের ভিত্তিতে। অর্থাৎ এই সময় পরে যথাক্রমে নিম্নমান, সন্দেহজনক এবং মন্দ ঋণ পর্যায়ে শ্রেণীবিন্যাসিত হবে ঋণ। কিন্তু, সাত বছর চলার পর কিছুটা পিছু হটা হয়েছে। এখন আবার মূল সংস্কারে ফিরে গেছে কেন্দ্রীয় ব্যাংক। তিনি বলেন, ‘ব্যাংক খাতকে আন্তর্জাতিক মানে নিতে হলে বাংলাদেশ ব্যাংকের এই গোটা পদক্ষেপ সঠিক পথেই রয়েছে।’বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়মানুসারে, বিশেষ উল্লেখ হিসাবের (এসএমএ) ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণের সময়সীমাও নামিয়ে আনা হয়েছে তিন মাসের বদলে দুই মাসে। এ নির্দেশনার বাস্তবায়ন হলে বর্তমান খেলাপি ঋণ ২ দশমিক ৩৮ শতাংশ (মার্চ ২০১২ হিসাবে) বাড়বে। এতে সামগ্রিকভাবে ব্যাংক খাতের খেলাপি ঋণের হার বৃদ্ধি পেয়ে মার্চ ২০১২ হিসাবে খেলাপি ঋণের হার ৬ দশমিক ৫৭ শতাংশের বদলে দাঁড়াবে ৮ দশমিক ৯৫ শতাংশ। ২০১২-এর মার্চ হিসাবে পরিমাণে প্রায় ২৫ হাজার ২৯০ কোটি টাকার বদলে খেলাপি ঋণ হবে সাড়ে ৩৪ হাজার কোটি টাকার মতো। এতে তেমন কিছু আসবে-যাবে না বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘এগুলো আন্তর্জাতিকভাবে সর্বোত্তম চর্চা এবং ব্যাসেল কমিটির সুপারিশ।’তৈরি পোশাক খাতের দাবি, বিশ্ববাজারে পোশাক খাত নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। ঋণ হিসাব শ্রেণীবিন্যাসিত হলে ব্যাংক থেকে নতুন ঋণ নেওয়া যাবে না। এতে ব্যবসায়ে সমস্যা হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, পোশাক খাতের সমস্যা বিবেচনায় নিয়ে কিছু ক্ষেত্রে তএককালীন জমা ছাড়াই পুনঃ তফসিলের সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে আমরা একটা পদক্ষেপ নিয়েছি। এর কোনো ক্ষেত্রে যদি তেমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়, তবে সুনির্দিষ্টভাবে সেখানে বিশেষ কোনো সুযোগ দেওয়া যেতে পারে।’ সার্বিকভাবে নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপটি বাস্তবায়ন করার দিকেই যেতে চায় কেন্দ্রীয় ব্যাংক, জানান তিনি।