ঋণ শ্রেণীকরণের সময়সীমা বাড়ানোর আহ্বান ঢাকা চেম্বারের
বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ব্যাংক ঋণের শ্রেণীকরণের (ক্ল্যাসিফিকেশন) সময়সীমা পুনর্বিন্যাসের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আজ বৃহস্পতিবার ঢাকা চেম্বারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পাঠানো এক পত্রে এ আহ্বান জানানো হয়।
ডিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা চেম্বার মনে করে বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের ব্যবসায়ী সমাজ তাঁদের ব্যবসায়িক কর্মকাণ্ড যথাযথভাবে পালন করতে পারছেন না। তাই উত্পাদন ব্যাহত হওয়ায় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। এ অবস্থার কারণে ব্যবসায়ীরা ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হচ্ছেন।
এতে আরও বলা হয়, দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং ব্যবসায়িক কর্মকাণ্ড অব্যাহত রাখতে ব্যাংক ঋণ পরিশোধে বিদ্যমান তিন মাসের সময়সীমা ছয় মাস এবং ছয় মাসের সময়সীমা নয় মাস করার আহ্বান জানায় ডিসিসিআই।